ফিফা সভাপতি পদে লড়বেন জর্ডানের আলি
ফিফার সভাপতি পদে নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন জর্ডানের যুবরাজ আলি বিন আল-হুসেইন।
বৃহস্পতিবার মনোনয়ন পত্র জমা দেওয়ার দিনে এক বিবৃতিতে আল-হুসেইন আশা প্রকাশ করেন, ‘ঘুষ কেলেঙ্কারি’ বিতর্ক মুছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা পুরনো সম্মান ফিরে পাবে।
জেপ ব্লাটারের উত্তরসূরি নির্ধারণে আগামী ২৬ ফেব্রুয়ারি সভাপতি নির্বাচন হওয়ার কথা রয়েছে। তবে নির্বাচনের দিন পেছানোর চিন্তা করছে ফিফা। এ বিষয়ে আগামী শনিবার জুরিখে প্রধান কার্যালয়ে নির্বাহী পর্ষদের সভা ডেকেছে সংস্থাটি।
গত ২৯ মে হওয়া নির্বাচনে আল-হুসেইনকে হারিয়েই পঞ্চম মেয়াদে সভাপতি নির্বাচিত হন ব্লাটার। কিন্তু ফিফায় দুর্নীতি নিয়ে তদন্ত শুরু হওয়ায় জুনের শুরুতে সরে দাঁড়ানোর ঘোষণা দেন এই সুইস কর্মকর্তা।
তারপর উয়েফা সভাপতি মিশেল প্লাতিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দেন। কিন্তু অনৈতিক উপায়ে অর্থ লেনদেনের অভিযোগ ওঠায় এবং ব্লাটার ও প্লাতিনির বিরুদ্ধে তদন্ত শুরু হওয়ায় তাদেরকে ৯০ দিনের জন্য সাময়িক বহিষ্কার করে ফিফা।
