২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দি মারিয়ায় মুগ্ধ সিলভা-ইব্রাহিমোভিচ

দল ভিন্ন, নতুন সতীর্থদের সঙ্গে তাল মেলানোর নতুন চ্যালেঞ্জ; তবে কোনো কিছুই আটকাতে পারেনি আনহেল দি মারিয়াকে। রিয়াল মাদ্রিদের হয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে শিরোপা জেতার এক বছরেরও বেশি সময় পর এই প্রতিযোগিতায় মাঠে নেমেই জ্বলে উঠলেন আর্জেন্টাইন তারকা। গোল করলেন, খেললেন জাদুকরী ফুটবল। পেলেন সতীর্থদের ভালোবাসা আর প্রশংসা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2015, 06:30 PM

Updated : 12 Oct 2022, 04:13 PM

সব মিলিয়ে পিএসজির হয়ে ইউরোপ সেরার মঞ্চে দি মারিয়ার অভিষেকটা হলো এক কথায় 'অসাধারণ'।

ঘরের মাঠে মঙ্গলবার রাতে চতুর্থ মিনিটেই দি মারিয়ার নৈপুণ্যে এগিয়ে যায় পিএসজি। প্রথমার্ধে আরেকটি গোলের সুযোগ পেয়েছিলেন এই মৌসুমের শুরুতে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ফরাসি ক্লাবটিতে যোগ দেওয়া আর্জেন্টাইন মিডফিল্ডার, কিন্তু লক্ষ্যভেদে ব্যর্থ হন।

পুরো ম্যাচে বল পায়ে যেভাবে আলো ছড়িয়েছেন দি মারিয়া, তাতেই সবার মধ্যমণি হয়ে উঠেছেন তিনি।

ম্যাচ শেষে অধিনায়ক চিয়াগো সিলভা যেমন বলেই দিলেন, "সে (দি মারিয়া) অবিশ্বাস্য খেলোয়াড়। আজ সে যেভাবে খেলেছে -ওয়ান অন ওয়ান- তাকে রোখা অসম্ভব।"

ব্রাজিলিয়ান তারকা সিলভার মতে, দি মারিয়ার গুণগুলোকে কাজে লাগাতে পারলে দল হিসেবে তারা আরও ভালো করবে। দলটির তারকা স্ট্রাইকার জ্লাতান ইব্রাহিমোভিচও আর্জেন্টাইন সতীর্থের গুণে মুগ্ধ।

নতুন ক্লাবের হয়ে গোল করে উচ্ছ্বসিত দি মারিয়া সতীর্থদের পাল্টা প্রশংসা করে বলেন, "সেরা খেলোয়াড়দের পাশে খেললে সবকিছু অনেক সহজ হয়ে যায়।"

নিজেদের শক্তি যথাযথ কাজে লাগাতে পারলে প্রতিপক্ষকে ভড়কে দেওয়াও সম্ভব বলে মনে করেন দি মারিয়া।

"এটা অন্য দলগুলোকে ভয় পাইয়ে দেবে। পিএসজির খেলোয়াড়দের মান সন্তোষজনক এবং এর অধিকাংশ আমাদের কাজে লাগাতে হবে।"