২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বয়সভিত্তিক সাঁতারে আরিফুলের তিনটি রেকর্ড

জাতীয় বয়সভিত্তিক সাঁতারের প্রথম দিনেই দশটি রেকর্ড হয়েছে। এর মধ্যে তিনটি রেকর্ড গড়েছেন আরিফুল ইসলাম। ১০০ মিটার ব্রেস্টস্ট্রোকে এক যুগ আগের রেকর্ড ভেঙেছেন বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বা বিকেএসপির এই সাঁতারু।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2015, 10:32 PM

Updated : 12 Oct 2022, 04:13 PM

সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্সে মঙ্গলবার প্রথম দিনে ১৮-২০ বছরের যুব বিভাগে ১০০ মিটার ব্রেস্টস্ট্রোকে ১ মিনিট ৮.৬২ সেকেন্ডে সাঁতার শেষ করেন আরিফুল। ২০০৩ সালে শাহজাহান আলির (১ মিনিট ১০.০২ সেকেন্ড) গড়া রেকর্ড ভাঙেন তিনি।

পরে ২০০ মিটার ফ্রিস্টাইল ও বাটারফ্লাইয়ে নিজের গড়া রেকর্ড ভাঙেন আরিফুল। ২ মিনিট ৪.৩২ সেকেন্ড সময় নিয়ে গত বছর ২০০ মিটার ফ্রিস্টাইলে গড়া (২ মিনিট ৬.৪২ সেকেন্ড) রেকর্ডটি ভাঙেন বিকেএসপির এই সাঁতারু। আর ২০১৩ সালে ২০০ মিটার বাটারফ্লাইয়ের ২ মিনিট ২৪.৯৭ সেকেন্ড রেকর্ড টাইমিংকে পেছনে ফেলে ২ মিনিট ২২.৪৯ সেকেন্ড সাঁতার শেষ করেন।

প্রথম দিনে দুটি রেকর্ড গড়েছেন মিঠু মিয়া ও রূপা খাতুন। ১০০ মিটার ব্রেস্টস্ট্রোকে বালক (১৩ থেকে ১৪ বছর) বিভাগে রেকর্ড গড়েছেন মিঠু। ১ মিনিট ৮.২৬ সেকেন্ড সময় নিয়ে ১৯৯৮ সালে ওয়াসিউলের গড়া (১ মিনিট ৯.০৮) রেকর্ড ভাঙেন তিনি। ২০০ মিটার ব্যক্তিগত মিডলেতে ২ মিনিট ২৮.৯৯ সেকেন্ড সময় নিয়ে নতুন রেকর্ড গড়েন বিকেএসপির এই সাঁতারু। গত বছর এই ইভেন্টে আগের রেকর্ডটি গড়েন নয়ন আলী (২ মিনিট ২৯.৩১ সেকেন্ড)।

৩ মিনিট ৬.৪৬ সেকেন্ড টাইমিং করে বালিকাদের ২০০ মিটার ব্যক্তিগত মিডলের নতুন রেকর্ড গড়েন রূপা; আগের রেকর্ডটি ছিল ২০০৭ সালে নাজমা খাতুনের (৩ মিনিট ২১.৭৬ সেকেন্ড)। পরে ৫০ মিটার ব্যাকস্ট্রোকে ২০১৩ সালে রাশেদা খাতুনের (৪২.০০ সেকেন্ড) রেকর্ডটিও নিজের করে নেন বিকেএসপির এই সাঁতারু (৩৭.৮৫ সেকেন্ড)।

প্রথম দিনে এছাড়াও রেকর্ড গড়েছেন হিমেল মিয়া, রনি মিয়া ও শরিফা খাতুম মীম। ১ মিনিট ২০.১৩ সেকেন্ড সময় নিয়ে বাংলাদেশ আনসারের মীম ১০০ মিটার বাটারফ্লাইয়ের বালিকা (১১-১২ বছর) বিভাগের নতুন রেকর্ড গড়েন। আগের রেকর্ডটি ২০০৯ সালে গড়েছিলেন নাজমা খাতুন (১ মিনিট ২১.৪০ সেকেন্ড)।

২০০ মিটার ব্রেস্টস্ট্রোকের বালক বিভাগে ২০০৯ সালে আসিফ রেজার গড়া (২ মিনিট ৪৮.৭৩ সেকেন্ড) রেকর্ড ভেঙেছেন হিমেল (২ মিনিট ৪৪.৩৫ সেকেন্ড)। আর ১০০ মিটার ব্রেস্টস্ট্রোকের বালক বিভাগে ২০১৩ সালে হিমেলের গড়া (১ মিনিট ২২.৭৩ সেকেন্ড) রেকর্ড নিজের করে নিয়েছেন রনি (১ মিনিট ১৮.৯৬ সেকেন্ড)।