রোনালদোকে ইতিহাসে দেখছেন বেনিতেস
এসপানিওলের বিপক্ষে রিয়াল মাদ্রিদের ৬-০ ব্যবধানের জয়ে পাঁচটি গোলই ক্রিস্তিয়ানো রোনালদোর। লিওনেল মেসির রেকর্ডে ভাগ বসিয়েছেন তিনি; পেছনে ফেলেছেন রিয়াল কিংবদন্তি রাউল গনসালেসকেও। রিয়াল মাদ্রিদ কোচ ম্যাচ শেষে রোনালদোর প্রশংসা করতে গিয়ে তাই জানিয়েছেন, পর্তুগিজ ফরোয়ার্ডকে ইতিহাসে দেখছেন তিনি।
লা লিগার শনিবার রাতের ম্যাচে এসপানিওলকে উড়িয়ে দেওয়া ম্যাচে মেসির গড়া লা লিগার ২৪ হ্যাটট্রিকের রেকর্ডে ভাগ বসান রোনালদো। এছাড়া ২৩০ গোল নিয়ে রিয়ালের হয়ে লা লিগায় রাউলের গড়া সর্বোচ্চ গোলের রেকর্ডও (২২৮টি) নিজের করে নেন এই পর্তুগিজ ফরোয়ার্ড।
ম্যাচ শেষের প্রতিক্রিয়ায় তাই ম্যাচের চেয়ে রোনালদোকে ঘিরে বেনিতেসের কাছে সাংবাদিকের প্রশ্ন ছিল বেশি। রিয়াল কোচও প্রশংসায় ভাসিয়েছেন দলের সেরা ফরোয়ার্ডকে, “(গোলের) সংখ্যাটাই তাদের সম্পর্কে বলছে। ইতিহাসে তার (রোনালদোর) জন্য জায়গা আছে। আশা করি, তার এই চূড়াটা আরও উঁচু করবে।”
টানা দুই ম্যাচে প্রতিপক্ষকে গোল বন্যায় ভাসিয়ে দিলেও বেনিতেস পা মাটিতেই রাখার পক্ষে। বর্তমান দলটি আরও অনেক বিষয়ে উন্নতির জায়গা দেখছেন স্পেনের এই কোচ।
“যেভাবে আমরা জিতেছি, সেটা সন্তুষ্টির কিন্তু বিখ্যাত (জয় কিনা)…আমরা এখনও উন্নতি করতে পারি।”
