২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বায়ার্নের ঘাম ঝরানো জয়

জার্মানির শীর্ষ লিগ বুন্দেসলিগায় টানা চতুর্থ জয় পেয়েছে বায়ার্ন মিউনিখ ও বরুসিয়া ডর্টমুন্ড। তবে টানা দ্বিতীয় ম্যাচে হেরেছে বেয়ার লেভারকুসেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2015, 10:56 PM

Updated : 12 Oct 2022, 04:12 PM

শনিবার নিজেদের মাঠে আগসবার্গকে ২-১ গোলে হারায় বায়ার্ন। হ্যানেভারের মাঠে স্বাগতিকদের ৪-২ গোলে হারায় বরুসিয়া। আর নিজেদের মাঠে ১-০ গোলে হারে লেভারকুসেন।

শিরোপাধারী বায়ার্নকে জিততে অপেক্ষা করতে হয়েছে খেলার একেবারে শেষ সময় পর্যন্ত। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে পেনাল্টি থেকে গোল করে দলের তিন পয়েন্ট নিশ্চিত করেন টমাস মুলার।

এর আগে ৪৩তম মিনিটে আলেকজান্ডার এসভিনের গোলে এগিয়ে যায় আগসবার্গ। সর্বশেষ তিন ম্যাচে দুইবার বায়ার্নকে হারানো দলটি অগ্রগামিতা ধরে রাখে ৭৬ মিনিট পর্যন্ত। ৭৭তম মিনিটে রবের্ত লেভানদোভস্কির লক্ষ্যভেদে সমতা ফেরায় পেপ গুয়ার্দিওলার শিষ্যরা।

দিনের অন্য ম্যাচে বরুসিয়ার বিপক্ষে অষ্টাদশ মিনিটে আর্তুর সোবিচের গোলে এগিয়ে যায় হ্যানোভার। ৩৫তম মিনিটে পেনাল্টি থেকে গোল করা সমতা ফেরান পিয়েরে-এমরিক উবামইয়োঙ্গে।

৪৪তম মিনিটে হেনরিক মাখতারিয়ানের গোলে এগিয়ে যায় বরুসিয়া। তবে ৫৩তম মিনিটে সোবিচের দ্বিতীয় গোলে সমতা ফেরায় হ্যানোভার।

৬৭তম মিনিটে ফেলিপের আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে হ্যানোভার পরে আর পেরে উঠেনি। ৮৫তম মিনিটে পেনাল্টি থেকে উবামইয়োঙ্গের দ্বিতীয় গোলে শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছাড়ে বরুসিয়া।

আগের ম্যাচে বায়ার্নের কাছে হারা লেভারকুসেন এবার হেরেছে ডার্মস্টাডের কাছে। অষ্টম মিনিটে ম্যাচের একমাত্র গোলটি করেন আয়তাক সুলু।

চার ম্যাচে বরুসিয়া ও বায়ার্নের পয়েন্ট ১২ করে। সমান ম্যাচে লেভারকুসেনের পয়েন্ট ৬।