ওয়ালকট, জিরুদের নৈপুণ্যে আর্সেনালের জয়
থিও ওয়ালকট ও অলিভিয়ে জিরুদের নৈপুণ্যে নিজেদের মাঠে স্টোক সিটিকে হারিয়েছে আর্সেনাল। ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে আর্সেন ভেঙ্গারের দলের জয়টি ২-০ গোলের।
দুই অর্ধে একটি করে গোল পায় সর্বশেষ ২০০৩-০৪ সালে লিগ শিরোপা জেতা আর্সেনাল। প্রথমার্ধে ওয়ালকটের গোলে এগিয়ে যায় তারা। দ্বিতীয়ার্ধের শেষ দিকে জিরুদের গোলে পুরো তিন পয়েন্ট পাওয়া নিশ্চিত হয় তাদের।
এ জয়ে পাঁচ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে লিগে দ্বিতীয় স্থানে রয়েছে আর্সেনাল। আগের চার ম্যাচে দুই জয় এবং একটি করে হার ও ড্র ছিল তাদের।
হেক্তর বেল্লিরিন ও মেসুট ওজিল মিলে বল তৈরি করে দেওয়ায় সানচেস ও ওয়ালকটের আক্রমণে যাওয়ার কাজটা অনেক সহজ হয়ে যায়। তবে গোলের জন্য ভেঙ্গারের শিষ্যদের অপেক্ষা করতে হয় ৩১তম মিনিট পর্যন্ত। ওজিলের বাড়ানো বল ডান পায়ের শটে লক্ষ্যে পৌঁছে দেন ওয়ালকট।
দ্বিতীয়ার্ধে আর্সেনাল আক্রমণের ধার আরও বাড়ায়। কিন্তু সান্তিয়াগো কাজোরলার তৈরি করে দেওয়া সুযোগ নষ্ট করেন সানচেস। ওজিলের বানিয়ে দেওয়া সুযোগ কাজে লাগাতে পারেননি অ্যারন রামসি। ৫৭তম মিনিটে জারদান শাকিরির প্রচেষ্টা ব্যর্থ হলে সমতায় ফেরা হয়নি স্টোক সিটির।
৮৫তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করা গোলটি পায় আর্সেনাল। সেট পিস থেকে কাজোরলার ক্রসে নিখুঁত হেডে প্রতিপক্ষের জালে বল জড়িয়ে দেন ফরাসি ফরোয়ার্ড জিরুদ।
