২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভাভরিঙ্কাকে হারিয়ে ফাইনালে জোকোভিচের সামনে ফেদেরার

গত অগাস্টে ৩৪ বছর পূর্ণ করেছেন রজার ফেদেরার। সবশেষ গ্র্যান্ড স্ল্যাম জয় করেছেন তিন বছরেরও বেশি সময় আগে। অনেকের কাছে 'বুড়ো' হয়ে গেছেন সুইস এই টেনিস তারকা। তবে এবারের ইউএস ওপেনে যেন তার 'বুড়ো হাড়ের ভেল্কি'ই দেখে চলেছে সবাই। স্বদেশি স্তানিস্লাস ভাভরিঙ্কাকে হারিয়ে ফাইনালে উঠেছেন ফেদেরার, যেখানে তার প্রতিপক্ষ র‌্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা নোভাক জোকোভিচ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2015, 02:24 PM

Updated : 12 Oct 2022, 04:12 PM

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে সেমি-ফাইনালে প্রতিপক্ষকে কোনো সুযোগই দেননি ইউএস ওপেনের ছয়বারের চ্যাম্পিয়ন ফেদেরার। এবারের ইউএস ওপেনে একটিও সেট না হারা ফেদেরার ভাভরিঙ্কাকে উড়িয়ে দেন ৬-৪, ৬-৩, ৬-১ গেমে।

টেনিসের সর্বোচ্চ প্রতিযোগিতা গ্র্যান্ড স্ল্যামে ফেদেরার-রাজের শুরু ২০০৩ সালে। সেই বছর শুধু উইম্বলডন জিতে টেনিসে নতুন এক তারকার আগমনীবার্তা ঘোষণা করেছিলেন ফেদেরার। ২০০৪ সালে ফ্রেঞ্চ ওপেন ছাড়া জেতেন বাকি তিনটি গ্র্যান্ড স্ল্যাম। সেই থেকে ইউএস ওপেনে ফেদেরার আধিপত্যের পতাকা উড়তে থাকে। টানা পাঁচটি ইউএস ওপেন জেতেন ক্যারিয়ারে রেকর্ড ১৭টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী এই তারকা।

এই ফেদেরারই আবার ২০০৯ সালের পর ইউএস ওপেনের ফাইনালেই উঠতে পারেননি। সবশেষ গ্র্যান্ড স্ল্যাম জেতেন ২০১২ সালের উইম্বলডনে। রাফায়েল নাদাল আর জোকোভিচদের পাওয়ার টেনিসের কাছে ম্লান হয়ে যেতে থাকেন জাদুকরী টেনিস খেলে বিশ্বকে মোহিত করা ফেদেরার।

সব মিলিয়ে অনেকেই কিংবদন্তি ফেদেরারের ক্যারিয়ারের 'সমাধিলিপি' লিখে ফেলতে শুরু করেছেন। কিন্তু এবারের ইউএস ওপেনে নিজেকে যেন ফিরে পেয়েছেন তিনি। এবার ফ্লাশিং মিডোতে টানা ১৮টি সেট জিতলেন ফেদেরার। আরেকটু পেছনে গেলে এটা আরও বিস্ময়কর। গত উইম্বলডনের ফাইনালে জোকোভিচের কাছে হারার পর টানা ২৮টি সেট জেতেন তিনি, এর মধ্যে তাকে কেউ কোনো সেটে হারাতে পারেনি। 

ব্যাক হ্যান্ড শট, ফোর হ্যান্ড শট, ভলি, চিপ; টেনিসের প্রতিষ্ঠিত সব শটেই ফেদেরার ছিলেন অনন্য। লাইনে কিংবা নেটে, তার মতো চৌকস খেলোয়াড় কমই ছিল। কিন্তু সবকিছু মিলিয়েও জোকোভিচ-নাদালের সঙ্গে কুলিয়ে উঠতে পারছিলেন না ফেদেরার। এবার তাই নতুন জাদু নিয়ে আবির্ভূত হন তিনি।

এবারের ইউএস ওপেনে প্রতিপক্ষের সার্ভ রুখে দিতে অনেকটা নেটের দিকে এগিয়ে এসে একটি শট খেলছেন ফেদেরার। এটি বেশ কাজে দিয়েছে, প্রতিপক্ষের সার্ভও এই কৌশলে বেশ কয়েকবার ব্রেক করেছেন তিনি। এমনকি সেমি-ফাইনালে ভাভরিঙ্কার বিপক্ষেও এই কৌশল কাজে লাগিয়ে বেশ কিছু পয়েন্ট আদায় করে নেন ফেদেরার। তার নতুন এই কৌশলের একটি নামও এরই মধ্যে কেউ দিয়ে দিয়েছেন-'স্নিক অ্যাটাক বাই রজার (এসএবিআর)'। 

নিজেকে ফিরে পাওয়া ফেদেরার বনাম নিখুঁত জোকোভিচ-এবারের ইউএস ওপেনে রোমাঞ্চকর এক ফাইনাল দেখার অপেক্ষায় থাকতেই পারে বিশ্ব জোড়া টেনিসপিপাসুরা। ফেদেরার নিজেও অসাধারণ এক ফাইনালের ইঙ্গিতই দেন।

"নোভাকের দারুণ একটি বছর কেটেছে...মানসিক দিক দিয়ে সে কঠিন। কিন্তু আমি এই চ্যালেঞ্জ পছন্দ করি এবং এর জন্য তৈরি থাকব।"

এবারের ইউএস ওপেনের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় রাউন্ড সরাসরি সেটেই জেতেন জোকোভিচ। তবে চতুর্থ রাউন্ড ও কোয়ার্টার-ফাইনালে এত সহজে জয় পাননি সার্বিয়ার তারকা। সেমি-ফাইনালে আবার ইউএস ওপেনের বর্তমান চ্যাম্পিয়ন ক্রোয়েশিয়ার মারিন সিলিচকে সরাসরি সেটেই হারান নয়টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী জোকোভিচ।

চোট নিয়ে সেমি-ফাইনাল খেলতে নামা সিলিচের বিপক্ষে ৬-০, ৬-১, ৬-২ গেমে জেতেন জোকোভিচ। ১৯৬৮ সাল থেকে শুরু হওয়া টেনিসের উন্মুক্ত যুগে নিউ ইয়র্কে এটাকেই বলা হচ্ছে সবচেয়ে একপেশে সেমি-ফাইনাল।

এবারের ইউএস ওপেনের পরিসংখ্যানে চোখ রাখলে অবশ্য ফেদেরারকেই এগিয়ে রাখতে হবে। এই টুর্নামেন্টে এখন পর্যন্ত ৪৫টি এইস করেন জোকোভিচ, ফেদেরার এইস করেন ৬৮টি। জোকোভিচ সার্ভিস গেম পান ৮২টি, হারেন ৮টি। ফেদেরার জোকোভিচের চেয়ে সার্ভিস গেম দুটি কম পেলেও হারেন মাত্র দুটি।

নেটের সামনেও এবার সেই পুরোনো ফেদেরারকেই যেন দেখা গেছে। ১১০টি নেট পয়েন্ট জেতেন তিনি। অন্যদিকে জোকোভিচ নেট পয়েন্ট জেতেন ১০৩টি। কোর্টেও এখন পর্যন্ত কম সময় কাটিয়েছেন ফেদেরার। সেমি-ফাইনাল পর্যন্ত ৯ ঘণ্টা ৪৮ মিনিট কোর্টে ছিলেন তিনি। আর জোকোভিচকে কোর্টে কাটাতে হয় ১২ ঘণ্টা ১৭ মিনিট।