এসপানিওলের মাঠে 'অজেয়' রিয়াল
নিজেদের মাঠে খেলা বলে এসপানিওলের বাড়তি আত্মবিশ্বাসীই থাকারই কথা। কিন্তু রিয়াল মাদ্রিদের বিপক্ষে অতীত পরিসংখ্যানের দিকে তাকালে, দুই দলের লা লিগার এবারের ম্যাচটি স্বাগতিকদের জন্য হারের বৃত্ত থেকে বেরিয়ে আসার লড়াই আর রিয়ালের জন্য আধিপত্য ধরে রাখার মিশন।
স্পেনের লা লিগায় তৃতীয় পর্বের ম্যাচে আগামী শনিবার মুখোমুখি হবে এসপানিওল ও রিয়াল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।
লিগে আগের দুই ম্যাচে একটি করে ড্র ও জয় রিয়ালের। অন্যদিকে গেতাফেকে হারিয়ে লিগ শুরু করা এসপানিওল পরের ম্যাচে ভিয়ারিয়ালের কাছে হেরে পিছিয়ে পড়েছে।
নিজেদের মাঠে খেলার সুবিধা থাকলেও অতীত পরিসংখ্যান থেকে অনুপ্রেরণা পাওয়ার মতো তেমন কিছুই নেই এসপানিওলের জন্য।
গত প্রায় আট বছর ধরে রিয়াল এসপানিওলের কাছে অজেয় একটি দল। মুখোমুখি হওয়া সবশেষ ১৭ ম্যাচে রিয়ালের জয় ১৪টি; বাকি তিনটি ড্র। প্রায় আট বছর আগে রিয়ালের বিপক্ষে সর্বশেষ জয়টি পেয়েছিল স্বাগতিকরা। আর ড্রয়ের সুবাদে রিয়ালের কাছ থেকে এসপানিওলের পয়েন্ট পাওয়ার অতীতটাও প্রায় দুই বছর আগের।
এসপানিওলের বিপক্ষে আধিপত্য ধরে রাখার মিশনে দলের প্রায় সব সেরা যোদ্ধাকেই পাচ্ছেন রাফায়েল বেনিতেস। ক্রিস্তিয়ানো রোনালদো, গ্যারেথ বেল, করিম বেনজেমা থাকছেন ফরোয়ার্ডে।
