২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জর্ডানের কাছেও বড় ব্যবধানের হার বাংলাদেশের

প্রথমার্ধে অগোছালো ফুটবল খেললেন ইয়াসিন খান, নাসিরুলরা। আর দ্বিতীয়ার্ধে হঠাৎই তাল হারিয়ে ফেললেন মামুনুল ইসলাম, জামাল ভূঁইয়ারা। সব মিলে বিশ্বকাপের এশিয়া অঞ্চলের বাছাই পর্বে জর্ডানের কাছে ৪-০ গোলের বড় ব্যবধানেই হেরেছে লোডভিক ডি ক্রুইফের শিষ্যরা।

মোহাম্মদ জুবায়ের মোহাম্মদ জুবায়ের

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2015, 07:15 PM

Updated : 12 Oct 2022, 04:12 PM

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মঙ্গলবার ফিফা র‌্যাঙ্কিংয়ে নিজেদের চেয়ে অনেক এগিয়ে থাকা দলটির (৯১তম) বিপক্ষে রক্ষণাত্মক কৌশল নিয়েই নেমেছিল বাংলাদেশ (১৭৩তম)। তবে চিরপরিচিত মাঠে চেনা জল-হাওয়া আর নিজেদের সমর্থকদের সমর্থন পেয়ে চনমনে হয়ে ওঠা বাংলাদেশের মাঝমাঠ ধীরে ধীরে পাখা মেলতে শুরু করেছিল। বড় ব্যবধানে হারা ম্যাচেও কিছু আলো ছড়াতে দেখা যায় মামুনুল-জামালদের।

ম্যাচের আগেই চোটের কারণে এলোমেলো হয়ে যাওয়া রক্ষণভাগ সত্যিই ছিল অগোছালো। জর্ডানের বিপক্ষে ভালো কিছু করে দেখানোর প্রত্যয় যতটা দৃঢ় ছিল, ম্যাচে বাংলাদেশের রক্ষণ ততটা জমাট ছিল না। এর মাশুল ষোলো আনায় গুনতে হলো ক্রুইফের দলকে।

অনুশীলনে চোট পেয়ে ম্যাচের আগে শেষ মুহূর্তে ছিটকে যান মালয়েশিয়া ও অস্ট্রেলিয়ার বিপক্ষে দারুণ খেলা গোলরক্ষক শহিদুল আলম সোহেলও। ফলে রাসেল মাহমুদ লিটনের কাঁধে ওঠে পোস্ট আগলে রাখার ভার।

সপ্তম মিনিটেই পরীক্ষার মুখোমুখি হন লিটন। নাসিরুল ইসলামের কাছ থেকে বল কেড়ে নিয়ে আক্রমণে যান জর্ডানের ফাদেল হাসান। বক্সের মধ্যে দ্রুত ঢুকে পড়া এই ফরোয়ার্ডের দুর্বল শট সহজেই আটকে দেন লিটন। একটু পরই অতিথি দলের এক খেলোয়াড়ের শট পোস্টের বাইরে দিয়ে উড়ে গেলে বিপদমুক্ত হয় বাংলাদেশ। একাদশ মিনিটে আবদেল্লাহ দেইবের বাকাঁনো ফ্রি কিক কর্নারের বিনিময়ে ফেরান লিটন।

চতুর্দশ মিনিটে দলকে আর বাঁচাতে পারেননি বাংলাদেশের গোলরক্ষক। পেনাল্টি থেকে গোল করে এগিয়ে যায় জর্ডান। বক্সের মধ্যে বল ঠিকভাবে রিসিভ করতে পারেননি আতিকুর রহমান মিশু; উল্টো বল বিপদমুক্ত করতে যান হাত দিয়ে! ডান দিকে ঝাঁপিয়ে পড়লেও পেনাল্টি থেকে নেওয়া দেইবের গতিময় শট এবার ফেরাতে পারেননি লিটন।

গোল খেয়েও দমে যায়নি বাংলাদেশ। মামুনুল-জামালের সমন্বয়ে বাংলাদেশের দারুণ একটি আক্রমণ কর্নারের বিনিময়ে আটকে দেয় জর্ডান। ঊনবিংশ মিনিটে মামুনুলের মাপা কর্নার থেকে হেড করেন ইয়াসিন। কিন্তু বল তার কাঙ্ক্ষিত ঠিকানা খুঁজে পায়নি।

এই সুযোগ যেন বাংলাদেশকে আরেকটু সাহসী হওয়ার প্রেরণা জোগায়। মাঝমাঠে মামুনুল, জামালরা তাদের ওড়ার আকাশটাও আরেকটু বাড়ান। আর এতেই আসে ম্যাচে বাংলাদেশের গোল করার অন্যতম সেরা একটি সুযোগ।

জামালের লম্বা একটি পাস দারুণভাবে নিয়ন্ত্রণে নিয়েছিলেন জুয়েল রানা। জর্ডানের দুজন ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে গোলরক্ষককেও দুবার কাটিয়েছিলেন তিনি। কিন্তু শট নেওয়ার মতো জায়গা না পাওয়ায় বল বাড়ান জাহিদ হাসান এমিলির উদ্দেশে। কিন্তু ভারসাম্য রাখতে না পারা এমিলি দুর্বল শট নেন। এর আগেই অবশ্য নিজের জায়গায় ফিরে আসে জর্ডানের গোলরক্ষক।

দুটি গোলের সুযোগ তৈরি করা জামালের ভুলেই  আবার ব্যবধান দ্বিগুণ করে নেয় জর্ডান। নিজেদের বক্সের মধ্যে বলের নিয়ন্ত্রণ নিতে চেয়েছিলেন তিনি। কিন্তু তা করতে পারেননি, বল বিপদমুক্তও করতে পারেননি। শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের এই মিডফিল্ডারের কাছ থেকে বল কেড়ে নিয়ে গোল করেন মন্তের আবু আমারা।

বাংলাদেশের পক্ষে গোল করার সেরা সুযোগটি প্রথমার্ধের শেষ দিকে পেয়েছিলেন জুয়েল। কিন্তু এমিলির কাছ থেকে পাওয়া বল নিয়ে দ্রুত বক্সের মধ্যে ঢুকে পড়লেও শেষ পর্যন্ত তা কাজে লাগাতে পারেননি তিনি। একটু এগিয়ে আসা গোলরক্ষকের পাশ দিয়ে শট নিয়েছিলেন তিনি। তবে গ্যালারিতে আসা হাজার পনের দর্শকদের হতাশ করে বল পোস্ট ঘেষে চলে যায়।   

হেমন্ত ভিনসেন্ট বিশ্বাসের চোটের কারণে শুরুর একাদশে মামুনুল ইসলাম ও জামাল ভূঁইয়ার সঙ্গে নামেন মোনায়েম খান রাজু। দ্বিতীয়ার্ধের শুরুতে এই তিন মিডফিল্ডারে ভর করে মাঝমাঠে বলের নিয়ন্ত্রণ রাখতে শুরু করে বাংলাদেশ। এসময় প্রতিপক্ষের একটি আক্রমণ রুখে দেওয়ার পর ডান দিক দিয়ে জুয়েলের হাত ধরে পাল্টা আক্রমণে যায় স্বাগতিকরা; সে চেষ্টা অবশ্য সফল হয়নি।

চোট পাওয়া নাসিরুলকে উঠিয়ে মোহাম্মদ লিঙ্কনকে মাঠে নামান কোচ। কিন্তু রক্ষণভাগ অটুট রাখতে পারেননি ডিফেন্ডাররা। হঠাৎ তাল হারিয়ে দুই মিনিটের ব্যবধানে আরও দুই গোল খেয়ে বসে বাংলাদেশ। ৫৪তম মিনিটে দেইবের লক্ষ্যভেদের পর ইয়াসিন বখত স্বাগতিক দলের ডিফেন্ডারদের চোখের সামনে গোলের আনন্দে মাতেন।

বাংলাদেশ সান্ত্বনার গোল পেতে পারত ৮০তম মিনিটে। কিন্তু ডিফেন্ডার মিশুর বদলি হিসেবে নামা আবুল বাতেন মজুমদার কমল প্রতিপক্ষের গোলরক্ষক আমের শফিকে একা পেয়েও ব্যর্থ হন। এরপর এমিলির একটা প্রচেষ্টাও ফিরিয়ে দেন অতিথি গোলরক্ষক।

এই জয়ে ‘বি’ গ্রুপে অপরাজিত থাকল জর্ডান। এর আগে তাজিকিস্তানের বিপক্ষে জয়ের পর কিরগিজস্তানের সঙ্গে ড্র করেছিল তারা। ৭ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে উঠল জর্ডান।

বাছাই পর্বে জয়শূন্যই থাকল বাংলাদেশ। কিরগিজস্তানের কাছে ৩-১ গোলে হারার পর দ্বিতীয় ম্যাচে তাজিকিস্তানের বিপক্ষে ১-১ ড্র করে মামুনুলরা। তৃতীয় ম্যাচে তারা অস্ট্রেলিয়ার মাঠে ৫-০ গোলে হারে। এক পয়েন্ট নিয়ে গ্রুপের তলানিতে আছে ক্রুইফের শিষ্যরা।