২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মারের বিদায়, কোয়ার্টারে ফেদেরার

ইউএস ওপেনের চতুর্থ রাউন্ড থেকেই বিদায় নিয়েছেন অ্যান্ডি মারে। তবে কোয়ার্টার-ফাইনালে উঠেছেন রজার ফেদেরার। 

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2015, 03:58 PM

Updated : 12 Oct 2022, 04:12 PM

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে গত সোমবার ব্রিটিশ তারকা অ্যান্ডি মারে দক্ষিণ আফ্রিকার কেভিন অ্যান্ডারসনের কাছে ৭-৬, ৬-৩, ৬-৭, ৭-৬ গেমে হারেন। আর সুইস তারকা ফেদেরার যুক্তরাষ্ট্রের জন ইসনারকে হারান ৭-৬, ৭-৬, ৭-৫ গেমে। 
 
এবারের ইউএস ওপেন নিয়ে আটবার গ্র্যান্ড স্ল্যামের চতুর্থ রাউন্ডে খেলা অ্যান্ডারসন এই প্রথম শেষ আটে উঠলেন। অন্য দিকে টানা ১৭ বার গ্র্যান্ড স্ল্যামের কোয়ার্টার-ফাইনালে খেলা মারে এবার চতুর্থ রাউন্ডের বাধা পেরোতে ব্যর্থ হলেন। 
 
এদিকে শেষ আটে ওঠার পথে ফেদেরার খুব ভালোভাবেই ছয় ফুট আট ইঞ্চি দীর্ঘ স্বাগতিক ইসনারের গতিময় সার্ভ সামলেছেন। ২ ঘণ্টা ৩৯ মিনিটের লড়াইয়ে ফেদেরার ইতি টানেন ইসনারের সার্ভ ব্রেক করেই। 
 
এদিন পুরুষ এককে ইউএস ওপেনের কোয়ার্টার-ফাইনালে আরও ওঠেন ফেদেরারের স্বদেশি স্তানিস্লাস ভাভরিঙ্কা ও রিচার্ড গাসকে।