হার দিয়ে লিগ মৌসুম শেষ ব্রাদার্সের
প্রিমিয়ার লিগের শেষটা ভালো হলো না ব্রাদার্স ইউনিয়নের। শেষ ম্যাচে চট্টগ্রাম আবাহনীর কাছে হেরেছে তারা।
এম এ আজিজ স্টেডিয়ামে চট্টগ্রাম আবাহনীর কাছে ১-০ গোলে হারে ব্রাদার্স। স্বাগতিক দলকে জয় এনে দেওয়া গোলটি ২৬তম মিনিটে করেন রাখাইন।
লিগে এটি ব্রাদার্সের পঞ্চম হার। ২০ ম্যাচে ১০ জয় ও পাঁচ ড্রয়ে পাওয়া ৩৫ পয়েন্ট নিয়ে বর্তমানে চতুর্থ স্থানে আছে তারা।
ব্রাদার্সকে হারিয়ে লিগে নিজেদের তৃতীয় জয় পাওয়া চট্টগ্রাম আবাহনী অবশ্য তালিকায় নিচের দিকে আছে। জয় দিয়ে লিগ শেষ করলেও ২০ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে ১১ দলের মধ্যে নবম স্থানে রয়েছে বন্দরনগরীর দলটি।
দুই ম্যাচ হাতে রেখে ২০১৪-১৫ মৌসুমের শিরোপা নিশ্চিত করা শেখ জামালের ১৯ ম্যাচে পয়েন্ট ৪৮।
