রোনালদোর রেকর্ডে ভাগ মেসির
লিওনেল মেসি ও ক্রিস্তিয়ানো রোনালদোর মধ্যে রেকর্ড ভাঙা গড়ার খেলা নতুন মৌসুম শুরুর সঙ্গে সঙ্গে আবার শুরু হলো। মৌসুমে নিজেদের প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচে সেভিয়ার জালে জোড়া গোল করে উয়েফা ক্লাব প্রতিযোগিতায় রিয়াল মাদ্রিদ তারকার সর্বোচ্চ গোলের রেকর্ড ছুঁয়েছেন বার্সেলোনার সেরা তারকা মেসি।
জর্জিয়ার তিবিলিসিতে মঙ্গলবার রাতে উয়েফা সুপার কাপে শুরুতেই পিছিয়ে পড়া দলকে নয় মিনিটের ব্যবধানে চমৎকার দুটি ফ্রি-কিকে এগিয়ে দেন মেসি। সপ্তম মিনিটে ২০ গজ দূর থেকে প্রথম গোলটি করার পর ২৫ গজ দূর থেকে বাঁকানো বিদ্যুৎ গতির শটে ডান পোস্টের গা ঘেঁষে জালে জড়ান টানা চারবারের বর্ষসেরা এই তারকা।
এই দুই গোলেই সব উয়েফা ক্লাব প্রতিযোগিতা মিলে পর্তুগিজ ফরোয়ার্ড রোনালদোর আগে গড়া ৮০ গোলের রেকর্ড স্পর্শ করেন আর্জেন্টিনা অধিনায়ক।
এদিন আরেকটি রেকর্ড ছুঁয়েছেন মেসি। সেভিয়ার বিপক্ষে করা তার দ্বিতীয় গোলটি উয়েফা সুপার কাপে মেসির তৃতীয় গোল। এই প্রতিযোগিতায় এর চেয়ে বেশি গোল আর কারও নেই। এর আগে এখানে তিনটি করে গোল করার কীর্তি ছিল নেদারল্যান্ডসের মিডফিল্ডার আরিয়ে হান, বেলজিয়ামের ফরোয়ার্ড ফ্রাঙ্কোইস ফন দের এলস্ট, জার্মানির ফরোয়ার্ড জার্ড মুলার, ইউক্রেনের স্ট্রাইকার ওলেহ ব্লোখিন, কলম্বিয়ার স্ট্রাইকার রাদামেল ফালকাও, নেদারল্যান্ডসের আরেক সাবেক খেলোয়াড় রব রেনসেনব্রিঙ্ক ও ইংলিশ মিডফিল্ডার টেরি ম্যাকডারমটের।
ইউরোপের সর্বোচ্চ ক্লাব প্রতিযোগিতা চ্যাম্পিয়ন্স লিগের সর্বোচ্চ গোলের তালিকায়ও যৌথভাবে শীর্ষে আছেন মেসি ও রোনালদো। তাদের দুজনেরই গোল ৭৭টি।
রোনালদো ও মেসির মধ্যে গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের সর্বোচ্চ গোলের রেকর্ড ভাঙা-গড়ার খেলা দারুণ জমেছিল। কয়েকবার রেকর্ডটি হাতবদল হওয়ার পর গত মে মাসের শুরুতে প্রতিযোগিতার সেমি-ফাইনালে বায়ার্ন মিউনিখের বিপক্ষে জোড়া গোল করে এককভাবে তালিকার শীর্ষে ওঠেন বার্সেলোনার ফরোয়ার্ড। তার পরের সপ্তাহেই ইউভেন্তুসের বিপক্ষে একটি গোল করে মেসির পাশে উঠে আসেন রোনালদো।
