বার্সায় থাকতে চান না জয় এনে দেওয়া পেদ্রো
উয়েফা সুপার কাপে বার্সেলোনার জয়সূচক গোল করা পেদ্রো রদ্রিগেস নিজের ভবিষ্যত নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত নিতে পারেননি। কাম্প নউয়ে আর থাকতে চান না স্পেনের এই ফরোয়ার্ড।
সেভিয়ার বিপক্ষে গত মঙ্গলবার উয়েফা সুপার কাপের শিরোপা জয়ের পর পেদ্রোর মনের কথাটি জানান বার্সেলোনার টেকনিক্যাল সেক্রেটারি রর্বেত ফের্নান্দেস।
"পেদ্রো আমাকে বলেছে, সে চলে যেতে চায়। …(বার্সেলোনার হয়ে) এটাই তার শেষ ম্যাচ হতে পারে।"
২০০৮ থেকে বার্সেলোনার মূল দলে খেলা পেদ্রো অবশ্য উল্লেখ করেন, ফের্নান্দেস যেভাবে বলছেন, বিষয়টি ঠিক সেরকম নয়।
টাকার জন্য নয় ধারাবাহিকভাবে শুরুর একাদশে সুযোগ না পাওয়ার জন্যই বার্সেলোনা ছাড়তে চান চান বলে জানান পেদ্রো।
সেভিয়ার বিপক্ষে ৫-৪ গোলের জয়ের ম্যাচেও শুরুর একাদশে ছিলেন না পেদ্রো। অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচে বদলি হিসেবে নেমে ১১৫তম মিনিটে দলের জয়সূচক গোলটি করেন তিনি।
পেদ্রো ইউরোপিয়ান সুপার কাপে দুটি গোল করেন। এর দুটিই ১১৫তম মিনিটে করেন তিনি এবং দুটিই জয়সূচক গোল।
পেদ্রোর ম্যানচেস্টার ইউনাইটেডে যাওয়া গুঞ্জন অনেক দিন ধরেই চলছে। ম্যাচ শেষে এ বিষয় নিয়ে কথা বলতে হয় মেসিকেও।
"ব্যক্তিগতভাবে আমি জানি না, তার সিদ্ধান্ত কী হবে। কিন্তু আমরা তার সঙ্গেই আছি এবং তাকে সমর্থন দেব।"
