২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এসি মিলানের রেকর্ড স্পর্শ বার্সার

পঞ্চমবারের মতো উয়েফা সুপার কাপ জিতে অনন্য এক রেকর্ডে ভাগ বসিয়েছে বার্সেলোনা। ইতালির ক্লাব এসি মিলানের সঙ্গে যৌথভাবে প্রতিযোগিতাটির ইতিহাসে সর্বোচ্চ শিরোপা জয়ী দল এখন স্পেনের চ্যাম্পিয়নরাও।  

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2015, 01:46 PM

Updated : 12 Oct 2022, 04:08 PM

পুরনো খবর:

মেসি জাদুতে বছরের চতুর্থ শিরোপা বার্সার

জর্জিয়ার তিবিলিসিতে মঙ্গলবার রাতে অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচে সেভিয়াকে ৫-৪ গোলে হারিয়ে শিরোপা জেতে লুইস এনরিকের দল।

ইয়োহান ক্রুইফের অধীনে ১৯৯২ সালে প্রথম এই প্রতিযোগিতার শিরোপা জেতে স্পেনের ক্লাবটি। সেই সময় দুই পর্বে হওয়া ম্যাচে জার্মানির ক্লাব ভের্ডার ব্রেমেনের মাঠ থেকে ১-১ গোলে ড্র করে ফেরার পর কাম্প নউতে ২-১ গোলে জিতেছিল বার্সেলোনা।

১৯৯৭ সালে বার্সেলোনাকে উয়েফা সুপার কাপের শিরোপা এনে দেন বর্তমানে ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ লুইস ফন খাল। সেবার প্রথম পর্বে বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে বার্সেলোনার ২-০ ব্যবধানের জয়ে প্রথম গোলটি করেছিলেন দলটির বর্তমান কোচ লুইস এনরিকে। জার্মানিতে দ্বিতীয় পর্ব ১-১ গোলে ড্র হয়েছিল।

এরপর ২০০৯ ও ২০১১ সালে বার্সেলোনাকে উয়েফা সুপার কাপের শিরোপা জেতান ক্লাবটির ইতিহাসে সবচেয়ে সফল কোচ পেপ গুয়ার্দিওলা।

১৯৮৯ সালে এসি মিলান তাদের প্রথম উয়েফা সুপার কাপের শিরোপা জিতেছিল বার্সেলোনাকে হারিয়ে। এরপর ১৯৯০, ১৯৯৪, ২০০৩ ও ২০০৭ সালে এই প্রতিযোগিতার শিরোপা জেতে তারা। সবশেষটি তারা জিতেছিল এবারের রানার্সআপ সেভিয়াকে হারিয়ে।

উয়েফা সুপার কাপে দুবারের বেশি শিরোপা জয়ের রেকর্ড আর একটি ক্লাবেরই আছে। ইংল্যান্ডের ক্লাব লিভারপুল তিনবার এই শিরোপা জেতে।