'মেসি দলে থাকলে সাফল্য আসতেই থাকবে'
গত মৌসুমে ট্রেবল জয়ের পর বার্সেলোনার লক্ষ্য এখন এই বছরে ছয়টি শিরোপা জেতা। স্পেনের ক্লাবটির মিডফিল্ডার আন্দ্রেস ইনিয়েস্তা মনে করেন, লিওনেল মেসি দলে থাকায় এই সাফল্য অর্জন খুবই সম্ভব।
এ বছর এরই মধ্যে স্পেনের লা লিগা, স্প্যানিশ কাপ ও চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতেছে বার্সেলোনা। ২০১৫ সালে মেসি-ইনিয়েস্তাদের সামনে উয়েফা সুপার কাপ, স্প্যানিশ সুপার কাপ ও ক্লাব বিশ্বকাপের লড়াই আছে। এই তিনটি প্রতিযোগিতা জিততে পারলেই পূর্ণ হবে বার্সেলোনার 'শিরোপা ষষ্ঠক'।
এর আগে ২০০৯ সালে একই সাফল্যে ভেসেছিল পেপ গুয়ার্দিওলার বার্সেলোনা।
আবার একই সাফল্য অর্জনের পথে মঙ্গলবার সেভিয়ার বিপক্ষে উয়েফা সুপার কাপ জয়ের লড়াইয়ে নামবে বার্সেলোনা। জর্জিয়ার তিবিলিসে দুই দলের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত পৌনে একটায়।
"ট্রেবল জয়ের পর আপনি ভাবতে শুরু করবেন, এখান থেকে এগিয়ে যেতে পারেন কিনা এবং দুটি সুপার কাপ ও ক্লাব বিশ্বকাপ শিরোপা জিততে পারবেন কিনা।"
স্পেনের এই মিডফিল্ডার এরপর যোগ করেন, "পরবর্তী পদক্ষেপটা সেভিয়ার বিপক্ষে। তারা শক্তিশালী দল বলে এটা সহজ হবে না। আমরা দলটিকে ভালো করে চিনি এবং তাদের ভালো একজন কোচ আছে।"
ইনিয়েস্তা অবশ্য মনে করেন, দলে মেসির মতো একজন খেলোয়াড় থাকলে কোনো কিছুই অসম্ভব নয়।
"আপনার দলে মেসি থাকলে সাফল্য আসতেই থাকবে। …এ মৌসুমে তার আরেকবার জ্বলে ওঠার অপেক্ষায় আছি আমরা।"
