মাম্পস নিয়ে মাঠের বাইরে নেইমার
আগে টিকা নেওয়া থাকলেও মাম্পসে আক্রান্ত হয়েছেন বার্সেলোনার ফরোয়ার্ড নেইমার। স্পেনের ক্লাবটি জানিয়েছে, ব্রাজিলের তারকাকে দুই সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে।
বার্সেলোনা তাদের ওয়েবসাইটে রোববার নেইমারের অসুস্থতার খবরটি দেয়।
সেভিয়ার বিপক্ষে জর্জিয়ার তিবলিসিতে আগামী মঙ্গলবার ইউরোপিয়ান সুপার কাপে খেলা হচ্ছে না নেইমারের। আথলেতিক বিলবাওয়ের বিপক্ষে স্পেনের সুপার কাপেও খেলতে পারবেন না তারকা এই ফরোয়ার্ড।
আগামী শুক্রবার বিলবাওয়ের মাঠে স্পেনের সুপার কাপের প্রথম পর্বের ম্যাচটি খেলবে বার্সেলোনা। নিজেদের মাঠ কাম্প নউতে দ্বিতীয় পর্বের ম্যাচটি তারা খেলবে ১৭ অগাস্ট।
