২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বার্সার সামনে আত্মবিশ্বাসী সেভিয়া

এরই মধ্যে তিনটি শিরোপা জেতা বার্সেলোনা বছরের চতুর্থ ট্রফি জয়ের স্বপ্নে বিভোর। অন্যদিকে শক্তি, সামর্থ্যে পিছিয়ে থাকলেও আত্মবিশ্বাস হারাচ্ছে না ইউরোপা লিগের চ্যাম্পিয়ন সেভিয়া। ইউরোপের ক্লাব পর্যায়ের সেরা দুই টুর্নামেন্টের দুই চ্যাম্পিয়নকে নিয়ে উয়েফা সুপার কাপের ফাইনাল ছড়াচ্ছে বাড়তি উত্তাপ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2015, 07:14 PM

Updated : 12 Oct 2022, 04:08 PM

আগামী মঙ্গলবার বাংলাদেশ সময় রাত পৌনে একটায় জর্জিয়ার তিবিলিসে এই লড়াইয়ে নামার আগে ব্রাজিলের ফরোয়ার্ড নেইমারকে পাচ্ছে না বার্সেলোনা। লিওনেল মেসি ও লুইস সুয়ারেসের ওপর ভরসা করতে হবে কোচ লুইস এনরিককে।

মাঝমাঠ নিয়েও ভাবতে হচ্ছে এনরিকেকে। স্প্যানিশ কাপ, লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ-গত মৌসুমে বার্সেলোনার এই তিন শিরোপা জয়ে দারুণ ভূমিকা রাখা চাভি এরনান্দেস এখন আর কাম্প নউয়ে নেই। নির্ভরযোগ্য এই মিডফিল্ডারের শূন্যতা পুরণের বাড়তি দায়িত্ব এবার চেপেছে ইভান রাকিতিচের কাঁধে।

সেভিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে সে দায়িত্ব পালন শুরুর ঘোষণা দিয়েছেন ক্রোয়েশিয়ার এই মিডফিল্ডার।

“আমি দায়িত্ব নিতে পছন্দ করি; যে ক্লাবগুলোয় খেলেছি, সেখানেও এটা করে এসেছি।”

২০০৯ সালে তখনকার কোচ পেপ গুয়ার্দিওলার অধীনে প্রথম ক্লাব হিসেবে এক মৌসুমে ছয় শিরোপা জয়ের কীর্তি গড়ে বার্সেলোনা। এনরিকের দলের সামনেও আছে ওই কীর্তি গড়ার হাতছানি। গত বছর সেভিয়া ছেড়ে কাম্প নউয়ে যোগ দেওয়া রাকিতিচের বিশ্বাস, ‘শিরোপা ষষ্ঠক’-এর পুনরাবৃত্তি হতে পারে এবার।

নিজেদের শক্তিতে আস্থা থাকলেও ধাপে ধাপে লক্ষ্য পূরণের পথে এগিয়ে যাওয়ার পরিকল্পনা জানান এই মিডফিল্ডার।

“তিবিলিসে মঙ্গলবারই (আমাদের জন্য) প্রথম সুযোগ। আমরা আত্মবিশ্বাসী। গত বছরের চেয়েও আমরা কঠোর পরিশ্রম করব। আমরা জানি, এই মৌসুমটাও কঠিন হবে।”

মেসিদের জন্য তিবলিসের ফাইনাল কঠিন করে তোলার ঘোষণা দিয়েছেন সেভিয়া গোলরক্ষক বেতো। প্রতিপক্ষকে সমীহ করে পর্তুগিজ এই গোলরক্ষক বলেন, “বার্সেলোনার প্রতি আমাদের অনেক শ্রদ্ধা আছে কিন্তু আমরাও পুরো ইউরোপের শ্রদ্ধা অর্জন করেছি। যে কোনো কিছুই হতে পারে। ম্যাচটি দুটি দলের জন্যই কঠিন হবে।”

সেভিয়াকে বাড়তি আত্মবিশ্বাস জোগাচ্ছে প্রতিযোগিতাটির ২০০৬ সালের শিরোপা লড়াই। সেবার বার্সেলোনাকে ৩-০ গোলে হারিয়ে উৎসব সেরেছিল তারা। তবে ট্রেবল জেতা এনরিকের দলকে, বিশেষ করে মেসিকে আটকানো সেভিয়ার জন্য কঠিনই হবে।

আর্জেন্টাইন এই ফরোয়ার্ডকে আটকানোর কৌশল না জানালেও বেতোর বিশ্বাস, টানা চারবারের ফিফা বর্ষসেরা তারকাকে বোতলবন্দি করে রাখার উপায় জানা আছে তাদের।

“সবসময় তাকে (মেসিকে) আটকানোর পথ থাকে; কিন্তু কাজটা কোনো গোলরক্ষক বা সবসময় যে ডিফেন্ডার তাকে পাহারা দেয়, তার ওপর নয়, এটা পুরো দলের।”