২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘চার ফ্রন্টেই লড়বে লিভারপুল‘, বললেন ক্লপ

কোনো টুর্নামেন্টে স্রেফ অংশ নেওয়ার জন্য লিভারপুল খেলবে না, আর্সেনাল ম্যাচ সামনে রেখে এ বার্তাই দিলেন ইয়ুর্গেন ক্লপ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2024, 07:34 PM

Updated : 06 Jan 2024, 07:34 PM

ঠাসা সূচিতে একের পর এক ম্যাচ খেলার ধকল নেহাত কম নয়। পরের মৌসুমেও অব্যাহত থাকবে এই পথচলা। তবে লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ স্পষ্ট জানিয়ে দিলেন, আগামী মৌসুম নয়, তার ভাবনা আপাতত চলতি মৌসুমের চার প্রতিযোগিতা ঘিরে। যার সবগুলোতেই শিরোপার জন্য লড়বে তার দল।

ইংলিশ প্রিমিয়ার লিগ, উয়েফা ইউরোপা লিগ, এফএ কাপ ও লিগ কাপ- এই চার প্রতিযোগিতার ট্রফি জয়ের সুযোগ আছে লিভারপুলের সামনে। ক্লপও প্রত্যয়ী কণ্ঠে জানালেন ‘চার ফ্রন্টে’ ছুটতে চান আঁটঘাট বেধে।

লিভারপুল রোববার এফএ কাপের তৃতীয় রাউন্ডে মুখোমুখি হবে প্রতিযোগিতার রেকর্ড ১৪ বারের চ্যাম্পিয়ন আর্সেনালের। এই টুর্নামেন্টে দুই সফল দলের একটি লিভারপুলও; এ ট্রফি জিতেছে আটবার তারাও।

২০২১-২২ মৌসুমেও চার জয়ের সম্ভাবনায় ছিল লিভারপুল। কিন্তু সেবার তারা ১ পয়েন্টের ব্যবধানে ম্যানচেস্টার সিটির কাছে লিগ শিরোপা হারানোর পর চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে হেরে যায় রেয়াল মাদ্রিদের বিপক্ষে। সেবার অবশ্য চেলসিকে এএফ কাপ ও লিগ কাপের ফাইনালে হারিয়ে উৎসব করেছিল ‘অলরেড’ খ্যাত দলটি। সেই সুখস্মৃতিও আওড়ালেন ক্লপ।

“তিনটি ফাইনালের পাশাপাশি তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রিমিয়ার লিগ (২০২১-২২)-এই চার প্রতিযোগিতারই শিরোপা লড়াইয়ে আমরা যখন ছিলাম, তখন (ব্যস্ত সূচির) তীব্রতা ছিল, কিন্তু সত্যি বলতে তা দারুণ মজারও ছিল।”

“ছেলেরা যে ম্যাচগুলো খেলেছিল, ভীষণ আনন্দের ছিল। চেলসির বিপক্ষে দুটি ফাইনাল ছিল আমার জীবনে দেখা সেরা দুটি ফাইনাল-অবিশ্বাস্য লড়াই হয়েছিল; কৌশলগতভাবে খুবই উঁচু মানের লড়াই ছিল- চমৎকার একটা অভিজ্ঞতা।”

চলতি মৌসুমেও লিভারপুল আছে দারুণ ছন্দে। লিগ টেবিলে শীর্ষে থাকা ক্লপের দল লিগ কাপের সেমি-ফাইনালেও উঠেছে। ইউরোপা লিগে শেষ ষোলোর মঞ্চে পা রেখেছে গ্রুপ সেরা হয়ে। ক্লাপের চাওয়া এই চার টুর্নামেন্টেই যতদূর সম্ভব যাওয়ার, শেষটা দেখার। পরের মৌসুমের টানা সূচির প্রভাব নিয়ে এ মুহূর্তে ভাবতে চান না তিনি।

“ওয়েম্বলিতে খেলা মানে সেরা অভিজ্ঞতা হওয়া। কোনো কিছুর বিনিময়ে আমি এটা বদলাতে চাই না। আসলেই দুর্দান্ত ছিল এখানে (গতবারের লড়াইটা)। …পরের বছর আমরা সমস্যায় পড়তে পারি-স্রেফ এই ভাবনা নিয়ে আমরা একটা টুর্নামেন্টে খেলতে যেতে পারি না। এটা একটা সমস্যা হবে বটে, এর সমাধানও করতে হবে আমাদেরকেই।”