২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রিয়ালে ফিরে চুক্তির মেয়াদ বাড়ালেন দিয়াস

২০২৭ সাল পর্যন্ত নবায়ন করা হয়েছে এই স্প্যানিয়ার্ডের চুক্তি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2023, 08:42 PM

Updated : 10 Jun 2023, 08:42 PM

এসি মিলানে ধারের মেয়াদ শেষে পুরনো ঠিকানায় ফিরলেন ব্রাহিম দিয়াস। নতুন মৌসুমকে সামনে রেখে রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছেন এই অ্যাটাকিং মিডফিল্ডার। সঙ্গে বাড়িয়েছেন চুক্তির মেয়াদ।

রিয়াল শনিবার নিজেদের ওয়েবসাইটে এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে। ক্লাবটির সঙ্গে ২৩ বছর বয়সী দিয়াসের আগের চুক্তি ছিল ২০২৫ সাল পর্যন্ত। চুক্তি নবায়নের পর মেয়াদ বেড়েছে আরও দুই বছর।

২০১৯ সালের জানুয়ারিতে ম্যানচেস্টার সিটি থেকে রিয়ালে যোগ দেন দিয়াস। মিলানের হয়ে ধারে খেলতে যাওয়ার আগে রিয়ালের জার্সিতে সব প্রতিযোগিতা মিলিয়ে ২১টি ম্যাচ খেলে দুটি গোল করেন তিনি।

গত তিন মৌসুম মিলানের হয়ে খেলেন দিয়াস। দলটির হয়ে ২০২১-২২ মৌসুমের সেরি আ জেতেন তিনি। সব প্রতিযোগিতা মিলিয়ে খেলেছেন ১২৪ ম‍্যাচ।

আসছে মৌসুমকে সামনে রেখে দ্বিতীয় খেলোয়াড় হিসেবে রিয়ালে ‘যোগ দিলেন’ দিয়াস। এর আগে গত শুক্রবার স্পেনের সফলতম ক্লাবটি দলে ভেড়ায় লেফট-ব্যাক ফ্রান গার্সিয়াকে।