ফুলহ্যামের বিপক্ষে কাসেমিরোকে পাবে না ইউনাইটেড
ব্রাজিলিয়ান মিডফিল্ডার কবে ফিরতে পারেন, তা নিয়ে অনিশ্চিত ম্যানচেস্টার ইউনাইটেড কোচ এরিক টেন হাগ।
নিউক্যাসল ইউনাইটেডের কাছে হেরে লিগ কাপ থেকে বিদায়ের ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেড পেয়েছে আরেকটি দুঃসংবাদ। চোট পেয়ে কাসেমিরো ছিটকে গেছেন অনির্দিষ্টকালীন সময়ের জন্য।
ম্যানচেস্টারের ক্লাবটির কোচ এরিক টেন হাগ নিশ্চিত করেছেন, প্রিমিয়ার লিগে ফুলহ্যামের বিপক্ষে সামনের ম্যাচে খেলতে পারবেন না ব্রাজিলিয়ান মিডফিল্ডার।
লিগ কাপে গত বুধবার শেষ ষোলোর ম্যাচে শুরুর একাদশে ছিলেন কাসেমিরো। বিরতির সময় তার বদলি হিসেবে সোফিয়ান আমরাবাতকে মাঠে নামান এরিক টেন হাগ। ম্যাচে ৩-০ গোলে হেরে যায় ইউনাইটেড।
ম্যাচের পর সংবাদ সম্মেলনে কাসেমিরোর চোটের বিষয়টি জানান টেন হাগ। তবে মাঝমাঠের অভিজ্ঞ এই ফুটবলারের চোটের ধরন সম্পর্কে কিছু বলেননি এই ডাচ কোচ।
“বিরতির ঠিক আগে সে চোট পেয়েছিল। সে কারণেই তাকে উঠিয়ে নিতে হয়েছিল। আমাদের ২৪ ঘন্টা অপেক্ষা করতে হবে, তবে আমি মনে করি শনিবারের (ফুলহ্যাম ম্যাচ) জন্য অবশ্যই সে ছিটকে গেছে।”
গত মাসে ব্রাজিলের হয়ে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ খেলার সময় অ্যাঙ্কেলে চোট পেয়েছিলেন কাসেমিরো। তাতে মিস করেন নিউক্যাসল ম্যাচের আগে ইউনাইটেডের সবশেষ তিনটি ম্যাচ। চ্যাম্পিয়ন্স লিগের একটি ম্যাচে অবশ্য ছিলেন নিষেধাজ্ঞায়।
কাসেমিরোর নতুন এই চোট ব্রাজিলকেও চিন্তায় ফেলে দিতে পারে। কারণ আগামী মাসে বিশ্বকাপের বাছাইয়ে তাদের ম্যাচ রয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ও কলম্বিয়ার বিপক্ষে।
পরবর্তী আন্তর্জাতিক বিরতির আগে কাসেমিরো ফিট হবেন কিনা, তা নিশ্চিত করেননি টেন হাগ।
