৩০ বছর বয়সেই ফুটবলকে বিদায় জার্মান ডিফেন্ডারের
সপ্তাহ দুয়েক আগে ম্যাচে চোট পেয়ে আচমকা এই সিদ্ধান্ত নেন বরুসিয়া ডর্টমুন্ডের অভিজ্ঞ ফুটবলার নিকলাস সুলে।
চোটের কাছে হার মেরে আচমকাই বুটজোড়া তুলে রাখার সিদ্ধান্ত নিয়েছেন নিকলাস সুলে। চলতি মৌসুম শেষে ফুটবল ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দিয়েছেন ৩০ বছর বয়সী জার্মান ডিফেন্ডার।
চলতি মৌসুমে চোট খুব ভুগিয়েছেন সুলেকে। মৌসুমের একেবারে শুরু থেকে কয়েক দফায় চোট পেয়েছেন তিনি। ফলে বরুসিয়া ডর্টমুন্ডের হয়ে পুরো মৌসুমে খেলতে পেরেছেন কেবল ১২টি ম্যাচ।
সবশেষ তিনি মাঠে নামেন গত ১৮ এপ্রিল হাফেনহাইমের বিপক্ষে বুন্ডেসলিগার ম্যাচে, সেদিন হাঁটুতে চোট পান তিনি। ওই কারণেই একরাশ হতাশা নিয়ে বৃহস্পতিবার ফুটবলকে বিদায় বলার সিদ্ধান্ত জানান সুলে।
“পরদিন আমার এমআরআই করা হয় এবং ভালো খবর শুনি (এটা ক্রুসিয়েট লিগামেন্ট নয়), কিন্তু নিজের কাছে সবকিছু হাজার ভাগ পরিষ্কার হয়ে যায় যে, এখানেই শেষ।”
জার্মানির হয়ে ৪৯টি ম্যাচ খেলার পথে সুলে গত দুই বিশ্বকাপে দেশের প্রতিনিধিত্ব করেন। জাতীয় দলে সবশেষ তিনি খেলেন ২০২৩ সালের অক্টোবরে, মেক্সিকোর বিপক্ষে প্রীতি ম্যাচে।
ক্লাব ফুটবলে সুলের পথচলা শুরু হফেনহাইমে। সেখান থেকে ২০১৭ সালে তিনি যোগ দেন বায়ার্ন মিউনিখে। জার্মান চ্যাম্পিয়নদের হয়ে পাঁচটি বুন্ডেসলিগা ট্রফি জিতে ২০২২ সালে এই সেন্টার-ব্যাক নাম লেখান ডর্টমুন্ডে। সেই থেকে এই ক্লাবেই খেলছেন সুলে।
এবারের বুন্ডেসলিগার শিরোপা লড়াই ইতোমধ্যে শেষ হয়ে গেছে, শিরোপা ধরে রেখেছে বায়ার্ন মিউনিখ। ৩২ ম্যাচে ৬৭ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে ডর্টমুন্ড।
পরের ম্যাচে ডর্টমুন্ড মাঠে নামবে শুক্রবার, আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে। আর লিগের শেষ রাউন্ডে আগামী ১৬ মে তারা খেলবে ভার্ডার ব্রেমেনের মাঠে।
