‘আমরা আফগানিস্তানকে হারাতে পারি’, প্রত্যয়ের সুরে বললেন কাবরেরা
ঘুরেফিরে বিশ্বকাপ বাছাইয়ের প্রথম রাউন্ডের দিকেই বেশি মনোযোগ দেওয়ার কথা জানালেন জাতীয় ফুটবল দলের এই স্প্যানিশ কোচ।
৩৩ দিনের ছুটি কাটিয়ে ঢাকায় ফিরেছেন বৃহস্পতিবার। সামনের ব্যস্ত সূচি নিয়ে গোছগাছও শুরু করে দিয়েছেন হাভিয়ের কাবরেরা। সেপ্টেম্বরের শুরুতে ফিফা উইন্ডোতে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ, শেষে রয়েছে এশিয়ান গেমস মিশন। অক্টোবরে বিশ্বকাপ বাছাইয়ের প্রথম রাউন্ডে খেলতে হবে মালদ্বীপের বিপক্ষে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সঙ্গে আলাপচারিতায় বাংলাদেশ কোচ আফগানিস্তান, এশিয়ান গেমস, বিশ্বকাপ বাছাই নিয়ে বললেন অনেক কথা।
আলাপচারিতায় ছুটির আনন্দঘন সময়, পারিবারিক বিষয় নিয়েও কাবরেরা কথা বললেন মন খুলে। স্ত্রী ফুটবল খুব একটা পছন্দ করে না, ফুটবলের খোঁজখবরও সেভাবে রাখেন না- প্রাণখোলা হাসিতে সে কথাও জানালেন এই স্প্যানিশ কোচ। বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে ভবনের তিন তলায় হওয়া এই আলোচনার ফাঁকে জানতে চাইলেন নারী ফুটবল দলের সাবেক কোচ গোলাম রব্বানী ছোটন কোথায় আছে, কেমন আছে, সেটাও। আলাপচারিতার সবটুকু তুলে ধরা হলো পাঠকদের জন্য।
সাফ চ্যাম্পিয়নশিপের পর লম্বা ছুটি কাটালেন…
কাবরেরা: হ্যাঁ, অনেক দিন এত লম্বা ছুটি কাটাইনি। এবার কাটালাম। সাফ চ্যাম্পিয়নশিপে দলের পারফরম্যান্স ভালো হওয়ার কারণে ছুটিটাও পরিবারের সঙ্গে ভালোভাবে কাটাতে পেরেছি। অনেক আনন্দ করেছি, সেগুলো না বলি….(হাসি)।
পরিবারের কথা বলছিলেন, আপনি বাংলাদেশ জাতীয় দলের কোচ, আপনার স্ত্রী নিশ্চয় একজন ফুটবলপ্রেমী?
কাবরেরা: নাহ (হাসি)। ফুটবলের তেমন খোঁজখবরই সে রাখে না। কখনও ঢাকায় থাকে, কখনও স্পেনে থাকে ওর ব্যস্ততা নিয়ে। এভাবেই চলছে আমাদের…ফুটবল নিয়ে ওর তেমন কোনো আগ্রহ নেই।
ব্যস্ত সূচি অপেক্ষা করছে আপনার সামনে…
কাবরেরা: দেখছ না, তোমার সঙ্গে কথা বলতে বলতেই আমি নোট ঠুকছি, এখন আফগানিস্তানের কিছু ম্যাচের ভিডিও ডাউনলোড করব। সেগুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখব, পরিকল্পনা সাজাব। যেহেতু ২০ অগাস্ট থেকে প্রস্তুতি শুরু করতে চাইছি, তাই এগুলো গুছিয়ে নিচ্ছি।
৪ ও ৭ সেপ্টেম্বরের আফগানিস্তান ম্যাচের ভেন্যু তো এখনও নির্ধারিত হলো না। শুনেছিলাম, আপনি ফিরলে ঠিক করা হবে।
কাবরেরা: এখনও ভেন্যুর বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত করতে পারিনি। আসলে অনেকগুলো দিক নিয়ে ভাবছি। মাঠটা ভালো হতে হবে, গ্যালারিতে দর্শকের উপস্থিতিটাও আমার জন্য গুরুত্বপূর্ণ। শিগগিরই বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নিয়ে নেব, সিলেটে নাকি অন্য কোথাও। আগামী বুধবার সিলেটে যাব, ঈগলসের বিপক্ষে আবাহনীর এএফসি কাপের ম্যাচটি দেখব; তখন সরেজমিনে মাঠ পরিদর্শন করব, পরিস্থিতি দেখলে সিদ্ধান্ত নিতে সুবিধা হবে।
আপাতত ভাবনায় কি কেবল আফগানিস্তান ম্যাচ তাহলে?
কাবরেরা: বিষয়গুলো ঠিক সেরকম নয়। ওদের বিপক্ষে যেহেতু সবার আগে খেলব, অবশ্যই সেখানে ভালো করার পরিকল্পনা আছে। এরপর এশিয়ান গেমসও আছে। তবে আমার মূল লক্ষ্য অক্টোবরের বিশ্বকাপ বাছাইয়ে মালদ্বীপের বিপক্ষে ম্যাচ। যেটা জিতলে আমাদের অনেকগুলো আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ মিলবে। যে প্রস্তুতি শুরু করেছি, সেটা ওই বাছাইয়ের ম্যাচ সামনে রেখেই।
আফগানিস্তান ম্যাচ কি তাহলে তোমার পরীক্ষা-নিরীক্ষার উপলক্ষ্য হবে? সাফের আগে কম্বোডিয়াতে যেমন পরীক্ষা-নিরীক্ষা করেছিলে, তেমন?
কাবরেরা: যখন খেলতে নামব, তখন জয়ের জন্যই নামব। আর সাফের আগে কম্বোডিয়ার বিপক্ষে যে প্রীতি ম্যাচ খেলেছিলাম, সেটায় আসলে আমাদের পরিকল্পনা কাজে দেয়নি। সত্যি বলতে, ওরা আসলে আমাদের খেলারই সুযোগ দেয়নি। তাতে অবশ্য লাভই হয়েছিল। ছোটখাট বিষয়গুলো নতুন করে সাফের আগে ভাবতে পেরেছিলাম, সাফেও ভালো পারফরম্যান্স করলাম। মালদ্বীপ ও ভুটানকে হারালাম, লেবানন ও কুয়েতের মতো শক্তিশালী দলের বিপক্ষে হেরেছি, কিন্তু ভালো খেলেছিলাম।
আফগানিস্তানের অনেক খেলোয়াড়ই ইউরোপে বিভিন্ন পর্যায়ে খেলে…
কাবরেরা: এতে আমাদের লাভই হবে। ওদের যে দলটা আসবে সেখানে যদি জার্মানি, সুইডেন বা অন্যান্য দেশে খেলা ফুটবলার থাকে, তাহলে আমাদের ছেলেদের ভালো চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে, তারা শিখতে পারবে। যেটা বিশ্বকাপ বাছাইয়ে কাজে আসবে। ব্যক্তিগতভাবে আমার বিশ্বাস, আফগানিস্তানকে আমরা হারাতে পারি। সাফে লেবানন ও কুয়েতের বিপক্ষের পারফরম্যান্স এই আত্মবিশ্বাস দিয়েছে। অতীত পেছনে ফেলে এখন আমাদের এগিয়ে যাওয়ার সময়। আমার মনে হয় ২০২৩ সালটা আমাদের সমর্থকরা মনে রাখবে চিরদিন (হাসি)।
চিরদিন! মনে হয়, সাফে শিরোপা জিতলে হয়তো সেটা সম্ভব ছিল।
কাবরেরা: শিরোপা না জিতলেও আমরা তো সাফে ভালো খেলেছি। লেবাননের বিপক্ষে শেষ দিকে গোল খেয়ে হেরেছি, কুয়েতের বিপক্ষেও একইভাবে হেরেছি। মালদ্বীপ ও ভুটানের বিপক্ষে পিছিয়ে পড়ে জিতে সেমি-ফাইনাল খেলেছি অনেক দিন (১৪ বছর) পর। তোমার কথার সঙ্গে একমত, সাফের শিরোপা জিতলে চিরস্মরণীয় হয়ে যেতে পারতাম। তবে, আমার বিশ্বাস, আমাদের এ বছরের পারফরম্যান্স মানুষ অনেকদিন মনে রাখবে। আফগানিস্তানকে যদি হারাতে পারি, বিশ্বকাপ বাছাইয়ে ভালো করি, তাহলে বছরটা আমাদের জন্য মন্দ হবে না।
সাফে যে আপনার দল এমন পারফরম্যান্স করবে, সত্যি সত্যি আপনি এতটা ভেবেছিলেন? যেহেতু এলিটা কিংসলেসহ আরও অনেককে আপনি দলে জায়গা দেননি।
কাবরেরা: শুধু এলিটা, সাজ্জাদ (হোসেন) নয়, এমন আরও অনেকের না থাকা নিয়ে, অনেকের থাকা নিয়ে প্রশ্নের মুখোমুখি হতে হয়েছিল আমাকে। কিন্তু আমি সবসময় নিজের পরিকল্পনায় অবিচল থাকার চেষ্টা করি। নিজের ভাবনাগুলো দলের মধ্যে ছড়িয়ে দিতে চাই। সাফের দলে সেই খেলোয়াড়দের নিতে চেয়েছিলাম, যারা আমার পরিকল্পনা বাস্তবায়নের সঙ্গে যায়। দলের পারফরম্যান্স দেখো, সবাই ভালো খেলেছে বলেই আমরা সেমি-ফাইনালে উঠতে পারলাম। লেবানন ও কুয়েতকে বাদ দিলে দক্ষিণ এশিয়ার দ্বিতীয় সেরা দল হিসেবে কিন্তু সাফ শেষ করেছি আমরা।
সাফের পারফরম্যান্সের কারণে এখন দলকে নিয়ে সমর্থকদের প্রত্যাশা বেড়েছে…
কাবরেরা: সেটা আমিও অনুভব করতে পারছি। কেবল সমর্থকদের নয়, ফেডারেশনের এবং তোমার যারা গণমাধ্যমকর্মী আছো, তাদেরও। আমি শুধু সবার কাছ থেকে সমর্থন চাই, তাহলে আমার বিশ্বাস আমাদের বাকবদলের সময়টা এসে গেছে, এখন আমাদের পরিকল্পনাগুলো ঠিকঠাক এগিয়ে নিতে হবে।
সেই পরিকল্পনাগুলো কি কি?
কাবরেরা: এ বছর যেমন আমরা বেশ কিছু ম্যাচ খেলেছি, আরও অনেকগুলো ম্যাচ আছে। এভাবে ফিফা উইন্ডোতে আন্তর্জাতিক ম্যাচগুলো নিয়মিত খেলতে হবে। ফিফা উইন্ডোর বাইরেও কিছু প্রস্তুতি বা প্রীতি ম্যাচ আয়োজন করা যেতে পারে, এগুলো আরকি।
এক বছরের জন্য চুক্তি নবায়ন করেছেন। পরিকল্পনা এগিয়ে নিতে কোচের জন্য দীর্ঘমেয়াদী চুক্তি…
কাবরেরা: আমি বিষয়টা সেভাবে দেখি না। এক বছরের চুক্তি নিয়েই আমি সন্তুষ্ট। এখন পর্যন্ত এখানে সুখে আছি। দেখো, দীর্ঘমেয়াদে চুক্তি হলো, কিন্তু দল প্রত্যাশিত ফল পেল না, তখন তো পথ মাপতে হবে। এর চেয়ে ধীরে ধীরে এগোনোই আমার মনে হয় সব পক্ষের জন্য ভালো। নিজের মতো করে কাজ করছি, ফেডারেশন সবকিছুতে দৃষ্টি রাখছে, যদি সবপক্ষ খুশি থাকে, তাহলে চলবে।
কিন্তু পরিকল্পনা সাজানোর জন্য গুরুত্বপূর্ণ ব্যক্তিটি (পল থমাস স্মলি) এখন তো বাফুফের সঙ্গে নেই…
কাবরেরা: এটা একটা ফ্যাক্ট। তবে আমাদের চলতে হবে। আচ্ছা, ছোটন (গোলাম রব্বানী, জাতীয় নারী ফুটবল দলের কোচ) এখন কোথায়? শুনেছিলাম সেনাবাহিনী বা কোনো একটা দলের দায়িত্ব নিয়েছে। কেমন আছে? (কদিন আগের আলাপচারিতায় ভালো আছে জানালে কাবরেরা খুশি হলেন)।
এখন যারা আছে, তারাই পরিকল্পনা করবে। একটু পর ফিজিও ইভান রাজলগ আসবে (বলতে বলতেই রাজলগ এসে হাজির)। ওর সঙ্গে বসব, খেলোয়াড়দের ফিটনেস ও অনান্য বিষয় নিয়ে কাজগুলো গুছিয়ে নিতে হবে। আফগানিস্তানের বিপক্ষে আগামী মাসের দুটি প্রীতি ম্যাচের পরিকল্পনা সাজাতে হবে এবং সাফে আমরা যে ‘হাইপ’ তুলতে পেরেছি, সেটা ধরে রাখতে হলে আফগানিস্তানের বিপক্ষে জিততে হবে। আগেও বলেছি, আমার বিশ্বাস, আমরা ওদেরকে হারাতে পারি।”
