১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

পিএসজির কাছে বিধ্বস্ত হয়ে মার্সেই ছাড়লেন কোচ

ফরাসি ক্লাবটিতে শুরুটা আশাব্যাঞ্জক হলেও, শেষটা একদমই ভালো হলো না রবের্তো দে জেরবির।

পিএসজির কাছে বিধ্বস্ত হয়ে মার্সেই ছাড়লেন কোচ
রবের্তো দে জেরবি। ছবি: রয়টার্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2026, 05:39 PM

Updated : 26 Aug 2026, 02:55 PM

চ্যাম্পিয়ন্স লিগ থেকে দল আগেভাগে বিদায় নেওয়ায় এমনিতেই চাপ ছিল। সেই সঙ্গে যোগ হয় লিগ আঁয় বিব্রতকর পরাজয়। তাই, পিএসজির বিপক্ষে ৫-০ গোলে হারের পর মার্সেইয়ের কোচের পদ থেকে সরে দাঁড়ালেন রবের্তো দে জেরবি।

পারস্পরিক সমঝোতায় এই ইতালিয়ান কোচের সঙ্গে চুক্তি শেষ করার বিষয়টি মঙ্গলবার জানিয়েছে মার্সেই।  

এবারের চ্যাম্পিয়ন্স লিগে সবশেষ দুই ম্যাচসহ আট ম্যাচের পাঁচটিতেই হেরে প্রাথমিক পর্ব থেকে বিদায় নেয় মার্সেই। এরপর ঘরোয়া লিগেও জয়ের পথ থেকে ছিটকে পড়ে তারা; প্যারিস এফসির মাঠে ড্রয়ের পর, গত রোববার পিএসজির মাঠে ওই তিক্ত অভিজ্ঞতা হয় দলটির।

এর দুদিন পরই কোচের পদ ছাড়লেন দে জেরবি। ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নে সফল অধ্যায় শেষে ২০২৪ সালের জুনে মার্সেইয়ের দায়িত্ব নেন তিনি।

৪৬ বছর বয়সী সাবেক এই মিডফিল্ডারের কোচিংয়ে গত মৌসুমে লিগ আঁয় রানার্সআপ হয় মার্সেই। এবার শিরোপা লড়াই থেকে আগেই অনেকটা পিছিয়ে পড়েছে দলটি; ২১ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে আছে চতুর্থ স্থানে, তাদের চেয়ে ১২ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে পিএসজি।