১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ভিনিসিউসের বর্ণবাদের অভিযোগ: প্রেস্তিয়ান্নির ১ ম্যাচের সাময়িক নিষেধাজ্ঞা

উয়েফার তদন্ত শেষ হলে আরও শাস্তি দেওয়া হতে পারে বেনফিকার আর্জেন্টাইন উইঙ্গারকে।

ভিনিসিউসের বর্ণবাদের অভিযোগ: প্রেস্তিয়ান্নির ১ ম্যাচের সাময়িক নিষেধাজ্ঞা
বেনফিকার মাঠে প্রথম লেগের একটি মুহূর্তে জানলুকা প্রেস্তিয়ান্নি (বাঁয়ে) ও ভিনিসিউস। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2026, 09:47 PM

Updated : 26 Aug 2026, 03:01 PM

রেয়াল মাদ্রিদের ভিনিসিউস জুনিয়রকে লক্ষ্য করে বর্ণবাদী মন্তব্যের অভিযোগ ওঠার পর, জানলুকা প্রেস্তিয়ান্নিকে এক ম্যাচের জন্য সাময়িক নিষেধাজ্ঞা দিয়েছে উয়েফা। চ্যাম্পিয়ন্স লিগ প্লে-অফের ফিরতি লেগে রেয়ালের বিপক্ষে খেলতে পারবেন না এই আর্জেন্টাইন উইঙ্গার।

লিসবনে গত মঙ্গলবার শেষ ষোলোর প্লে-অফের প্রথম লেগে প্রেস্তিয়ান্নির বিরুদ্ধে বর্ণবাদের অভিযোগ তোলেন ভিনিসিউস। খেলা বন্ধ থাকে তখন ১০ মিনিটের বেশি সময়। ম্যাচের পর কিলিয়ান এমবাপে দাবি করেন, জার্সিতে মুখ ঢেকে ভিনিসিউসকে পাঁচবার ‘বানর’ বলেছেন প্রেস্তিয়ান্নি।

পরদিনই ঘটনার তদন্তে একজন নীতি ও শৃঙ্খলা পরিদর্শক নিয়োগ দেওয়ার কথা জানিয়েছিল উয়েফা। ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্তা সংস্থা সোমবার এক বিবৃতিতে প্রেস্তিয়ান্নির সাময়িক নিষেধাজ্ঞার কথা জানায়।

তদন্ত শেষ হলে আরও শাস্তি দেওয়া হতে পারে ২০ বছর বয়সী এই ফুটবলারকে। 

অভিযোগ প্রমাণিত হলে ইউরোপিয়ান প্রতিযোগিতা থেকে অন্তত ১০ ম্যাচ নিষিদ্ধ হতে পারেন প্রেস্তিয়ান্নি। তিনি অবশ্য তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন।

ফিরতি লেগে বুধবার রেয়ালের মাঠে খেলবে বেনফিকা। প্রথম লেগে ভিনিসিউসের একমাত্র গোলে জিতে এগিয়ে আছে স্প্যানিশ জায়ান্টরা।