অবসর ভেঙে ফুটবলে ফিরলেও ধূমপান ছাড়বেন না স্ট্যান্সনে
অবসর ভেঙে বার্সেলোনায় নাম লেখালেও ব্যক্তিগত জীবনাচরণে পরিবর্তন আনার প্রয়োজনীয়তা দেখেন না এই গোলকিপার।
বার্সেলোনার ডাক পেয়ে অবসর ভেঙে ফুটবলে ফিরেছেন বটে, তবে নিজের ব্যক্তিগত জীবনাচরণে কোনো পরিবর্তন আনার প্রয়োজনীয়তা দেখেন না ভয়চেক স্ট্যান্সনে। এমনকি ধূমপান ছেড়ে দেওয়ার কোনো ইচ্ছেও নেই ৩৪ বছর বয়সী গোলকিপারের।
প্রথম পছন্দের গোলকিপার মার্ক-আন্ড্রে টের স্টেগেন চোট পেয়ে দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে ছিটকে পড়ায় একজন গোলকিপার খুঁজছিল বার্সেলোনা। পরে তারা অবসর থেকে ফিরতে রাজি করায় স্ট্যান্সনেকে। আর্সেনালে প্রায় দেড়শ ও ইউভেন্তুসের হয়ে দুইশর বেশি ম্যাচ খেলা পোলিশ গোলকিপার ফ্রি এজেন্ট হিসেবে চুক্তিবদ্ধ হন বার্সেলোনার সঙ্গে।
তবে ফুটবলে ফিরলেও মাঠের বাইরের অনেক কিছুর সঙ্গে আপস করবেন না তিনি। স্প্যানিশ ক্রীড়া পত্রিকা মুন্দো দেপোর্তিভোর সঙ্গে সাক্ষাৎকারে এই গোলকিপার বলেন, নিজের ব্যক্তিগত ব্যাপারে অন্যের নাক গলানোও তার পছন্দ নয়।
“ব্যক্তিগত জীবনের অনেক কিছুই বদলানোর প্রয়োজন মনে করি না এবং আমি যদি ধূমপান করি, এতে অন্যদের মাথাব্যথার কিছু নেই। আমার বিশ্বাস, আমার মাঠের পারফরম্যান্সে এটা কোনোরকম প্রভাব ফেলে না। আমি তো দ্বিগুন পরিশ্রম করি।”
“বাচ্চাদের সামনে আমি ধূমপান করি না। কারণ চাই না, তাদের ওপর বাজে প্রভাব পড়ুক। তবে কখনও কখনও কে কোন ফাঁক থেকে আমার সিগারেট হাতে ছবি তুলবে, কে গাছে উঠে ছবি তুলবে, এসব তো তাদের ব্যাপার, আমার এখানে দায় নেই।”
তিনটি ইউরো ও দুটি বিশ্বকাপসহ পোলান্ডের হয়ে ৮৪ ম্যাচ খেলা গোলকিপার বললেন, অন্যের চাওয়ায় নিজেকে বদলে ফেলার লোক তিনি নন।
“কেউ যদি ভেবে থাকে ব্যক্তিগত জীবনে নিজেকে বদলে ফেলব, তাহলে তারা আবার ভাবতে পারে। কারণ আমি এমনই এবং সবসময় আমার মতোই থাকব। সারা জীবনই আমি এরকম ছিলাম।”
চুক্তির এক বছর বাকি থাকলেও পারস্পরিক সমঝোতায় গত মৌসুম শেষে তিনি ইউভেন্তুস ছেড়ে যান। পোল্যান্ডের হয়ে এবারের ইউরো খেলে গত মাসে তিনি বিদায় জানান পেশাদার ফুটবলকে। কিন্তু বার্সেলোনার অনুরোধে সাড়া দিয়ে নতুন করে শুরু হচ্ছে তার ফুটবল জীবন। কোচ হান্সি ফ্লিক জানিয়েছেন, চলতি আন্তর্জাতিক বিরতির পর বার্সেলোনার জার্সিতে অভিষেক হবে এই গোলকিপারের।
