২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লা লিগার মৌসুম সেরা ইয়ামাল

প্রথম খেলোয়াড় হিসেবে এবার লা লিগার এক মৌসুমে তিনবার মাস সেরার হওয়ার কীর্তিও গড়েছেন তিনি।

লা লিগার মৌসুম সেরা ইয়ামাল
লা লিগার ট্রফির সঙ্গে লামিনে ইয়ামাল। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2026, 09:46 PM

Updated : 19 Sep 2026, 02:29 PM

এবারের লা লিগায় দারুণ পারফরম্যান্সের স্বীকৃতি পেয়েছেন লামিনে ইয়ামাল। প্রতিযোগিতাটির মৌসুম সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন বার্সেলোনার এই স্প্যানিশ তারকা।

২০২৫-২৬ মৌসুমের সেরা খেলোয়াড় হিসেবে ইয়ামালের নাম শুক্রবার ঘোষণা করে লা লিগা। আগের দিন বার্সেলোনার হান্সি ফ্লিক পান বর্ষসেরা কোচের স্বীকৃতি।

বার্সেলোনার লিগ শিরোপা ধরে রাখার কারিগরদের একজন ছিলেন ইয়ামাল। ক্লাবটির হয়ে লিগে ফেররান তরেসের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ ১৬টি গোল করেন এই রাইট উইঙ্গার। সতীর্থদের ১১টি গোলে অবদানও রাখেন তিনি।

কদিন আগে শেষ হওয়া মৌসুমে তিনবার লা লিগার ‘প্লেয়ার অব দা মান্থ’ নির্বাচিত হন ইয়ামাল। প্রথম খেলোয়াড় হিসেবে এক মৌসুমে তিনবার এই স্বীকৃতি পান তিনি।

হ্যামস্ট্রিং চোটে বার্সেলোনার মৌসুমের শেষ ছয়টি ম্যাচে খেলতে পারেননি ইয়ামাল। স্পেনের আশা, বিশ্বকাপ শুরু হওয়ার আগে পুরোপুরি ফিট হয়ে উঠবেন তিনি।

২০২৪ সালে স্পেনের রেকর্ড চতুর্থ ইউরো জয়ে বড় ভূমিকা রেখেছিলেন ইয়ামাল। এখন বিশ্ব মঞ্চে জ্বলে ওঠার পালা তার।

আগামী ১৫ জুন নবাগত কেপ ভার্দের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ পুনরুদ্ধারের অভিযান শুরু করবে ২০১০ আসরের চ্যাম্পিয়ন স্পেন। ‘এইচ’ গ্রুপে তাদের বাকি দুই প্রতিপক্ষ সৌদি আরব ও উরুগুয়ে।