Published : 08 Sep 2025, 07:41 PM
ইউরোপা লিগের একটি ম্যাচে মাদক পরীক্ষায় উতরাতে ব্যর্থ হওয়ায় ১০ মাসের জন্য নিষিদ্ধ হয়েছেন আথলেতিক বিলবাও সেন্টার ব্যাক ইয়েরাই আলভারেস।
ইউরোপীয় ফুটবলের নিয়ন্তা সংস্থা উয়েফা সোমবার ৩০ বছর বয়সী এই স্প্যানিশ ডিফেন্ডারের শাস্তির কথা জানিয়েছে।
“অনিচ্ছাকৃতভাবে মাদক বিরোধী নিয়ম ভাঙায়, গত ১৯ অগাস্টের সভায় উয়েফার শৃঙ্খলা কমিটি এই খেলোয়াড়কে ১০ মাসের জন্য নিষিদ্ধ করেছে। এর মেয়াদ শুরু তাকে সাময়িক নিষিদ্ধ করার দিন থেকে (অর্থাৎ ২ জুন থেকে) এবং মেয়াদ শেষ হবে আগামী বছরের ২ এপ্রিল।”
শাস্তির শেষের দুই মাস অর্থাৎ আগামী ২ ফেব্রুয়ারি থেকে আলভারেস কোনো একটি দলের সঙ্গে অনুশীলন করতে পারবেন বা অনুশীলনের জন্য কোনো একটি ক্লাবের ফ্যাসিলিটিজ ব্যবহার করতে পারবেন।
গত মে মাসে ইউরোপা লিগের সেমি-ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে খেলে বিলবাও। ৩-০ ব্যবধানে হেরে যাওয়া ম্যাচটিতে আলভারেসের মাদক পরীক্ষায় পজিটিভ ফল আসে। তার শরীরে ওই প্রতিযোগিতায় নিষিদ্ধ কেনরিনোনের উপস্থিতি পাওয়া যায়।
গত ২ জুন স্বেচ্ছায় সাময়িক নিষেধাজ্ঞার শাস্তি মেনে নেন আলভারেস। জুলাইয়ে তিনি বলেন, চুল পড়া ঠেকানোর চিকিৎসায় ব্যবহৃত ওষুধের সঙ্গে অনিচ্ছা্কৃতভাবে একটি নিষিদ্ধ উপাদান ইনজেকশনের মাধ্যমে গ্রহণ করেন। ২০১৬ সালে তার টেস্টিকুলার ক্যান্সার ধরা পড়ে এবং দাবি করেন, চুল পড়া ঠেকাতে চিকিৎসার অংশ হিসেবে তিনি ওই ওষুধ নিচ্ছিলেন।
বিলবাওয়ের যুব দল থেকে উঠে আসা আলভারেস মূল দলের হয়ে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ২৫৭ ম্যাচ খেলেছেন।