২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘কারসর’ গোলের কাছে দেখতে চান ফ্রান্স কোচ

গ্রুপ পর্বে গোলের জন্য ধুঁকতে থাকা আক্রমণভাগকে নকআউট পর্বে জ্বলে ওঠার তাগিদ দিলেন দিদিয়ে দেশম।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2024, 01:01 PM

Updated : 10 Sep 2026, 12:10 PM

তিন ম্যাচে গোল মাত্র দুটি, একটি আবার আত্মঘাতী। অন্যটিও প্রতিপক্ষের ভুলে পাওয়া পেনাল্টি থেকে। আক্রমণভাগের বিবর্ণ পারফরম্যান্স সঙ্গী করেই নকআউট পর্ব শুরু করছে ফ্রান্স। শেষ ষোলোয় নামার আগে তাই গোলের গুরুত্বে জোর দিচ্ছেন দলের কোচ দিদিয়ে দেশম।

চলতি ইউরো চ্যাম্পিয়নশিপের তিনটিসহ সবশেষ চার ম্যাচে ওপেন প্লে থেকে কোনো গোল করতে পারেনি ফ্রান্স। টুর্নামেন্ট শুরুর আগে কানাডার বিপক্ষে প্রীতি ম্যাচে তারা করে গোলশূন্য ড্র।

এরপর ইউরোর প্রথম ম্যাচে অস্ট্রিয়ার বিপক্ষে আত্মঘাতী গোলে তারা পায় জয়। কিলিয়ান এমবাপেকে ছাড়া খেলতে নেমে নেদারল্যান্ডসের রক্ষণ ভাঙতে পারেনি ২০১৮ সালের বিশ্ব চ্যাম্পিয়নরা।

গ্রুপ পর্বে দুটি ম‍্যাচ ড্র করা ফ্রান্স ফিনিশিংয়ে উন্নতি না করলে নক আউট পর্বে পড়তে হতে পারে টাইব্রেকারের চ‍্যালেঞ্জে। দলকে সেই পর্যায়ে দেখতে চান না দেশম। বেলজিয়ামের বিপক্ষে ম্যাচের আগের দিন সংবাদমাধ্যমের সঙ্গে আলাপে মূল ম্যাচেই গোলের তাগিদ দিলেন ফ্রান্স কোচ।

"এখন আর গ্রুপ পর্বের ম্যাচ নেই। এখন প্রতিযোগিতার ভেতরে নতুন প্রতিযোগিতা। আরও দক্ষ হতে হবে। ম্যাচ জিততে গোল করতে হবে। এটি শুধু (মাউসের ওপর) আঙুল নাড়িয়ে হবে না। কারসর (গোলের কাছাকাছি) নিতে হবে।" 

ইউরোর গতবারের আসরে বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে খেলতে নেমে শেষ ষোলোতেই থেমেছিল ফ্রান্সের যাত্রা। সেবার তাদেরকে ট্রাইব্রেকারে হারিয়ে দিয়েছিল সুইজারল্যান্ড। সেই দুঃখ মনে রেখে এবার টাইব্রেকারের আগেই ম্যাচ নিজেদের করার লক্ষ্য দেশমের।

"সেটি (সুইজারল্যান্ডের কাছে হার) খুবই বেদনাদায়ক ছিল। আমরা সব কিছু করতে প্রস্তুত, যেন তেমনটা আর না হয়। আমরা কোয়ার্টার-ফাইনালে চোখ রাখছি।"

"এর চেয়ে বড় কথা, ৯০ মিনিটের মধ্যেই অনেক নকআউট ম্যাচ জেতার সাফল্য আমাদের আছে। আমরা নিশ্চিতভাবেই পেনাল্টি অনুশীলন করছি। তবে ম্যাচ এত দূর গড়াক, চাই না।  

সোমবার বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু হবে ফ্রান্স-বেলজিয়াম ম্যাচ।