ইউরোর চ্যালেঞ্জ নিতে প্রস্তুত ইংল্যান্ড, বিশ্বাস সাউথগেটের
ইংল্যান্ড কোচ মনে করেন, জার্মানি আসরে দারুণ কিছু অর্জনের সামর্থ্য আছে তাদের।
ফিফা র্যাঙ্কিংয়ে তিনে থাকা ইংল্যান্ডকে নিয়ে ২০২৪ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে সমর্থকদের প্রত্যাশা বেশ উঁচুতে। সবশেষ আসরে রানার্সআপ হওয়া দলটি আছেও ভালো ছন্দে। দল নিয়ে কোচ গ্যারেথ সাউথগেটের আশাও কম নয়।
জার্মানি আসরে গত শনিবারের ড্রয়ে ‘সি’ গ্রুপে ইংল্যান্ডের সঙ্গী হয়েছে ডেনমার্ক, সার্বিয়া ও স্লোভেনিয়া।
২০১৬ সালে সাউথগেট দায়িত্ব নেওয়ার পর থেকে বড় টুর্নামেন্টে ভালো করছে ইংল্যান্ড। ১৯৯০ সালের পর প্রথমবার তারা বিশ্বকাপের সেমি-ফাইনালে খেলে ২০১৮ রাশিয়া আসরে। প্রথমবার তারা ইউরোর ফাইনালে খেলে ২০২১ সালে। সেখানে তাদের টাইব্রেকারে হারিয়ে শিরোপা জিতে নেয় ইতালি।
সবশেষ গত বিশ্বকাপে ইংল্যান্ডের পথচলা থামে কোয়ার্টার-ফাইনালে। ইউরোর বাছাইয়ে নিজেদের গ্রুপে চ্যাম্পিয়ন হয়ে মূল প্রতিযোগিতায় দারুণ কিছুর আশা জাগিয়েছে তারা। ড্র অনুষ্ঠানের পর দল নিয়ে বড় স্বপ্নের কথা বলেছেন সাউথগেটও।
“খেলোয়াড়রা বড় ম্যাচ খেলতে অভ্যস্ত এবং নিয়মিতভাবে তারা সেটা খেলছে। তারা একসঙ্গে এবং আলাদাভাবে বড় ম্যাচে খেলতে অভ্যস্ত। তাই আমরা রোমাঞ্চিত এবং সবাই গ্রীষ্মের জন্য উন্মুখ হয়ে আছে।”
“আমরা মনে করি, স্কোয়াডটা একটা নির্দিষ্ট সময়ের জন্য তৈরি হচ্ছে এবং যেসব তরুণ খেলোয়াড় উঠে আসছে তাদের দিকে যদি তাকান, তাহলে দেখবেন ইংল্যান্ড অদূর ভবিষ্যতের জন্য আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতে যাচ্ছে।”
