Published : 26 Dec 2025, 03:07 PM
মাঠে নামার সুযোগ খুব একটা মিলছে না। বাড়ছে হাহুতাশ। চলছে আলোচনা। কিন্তু কবি মেইনুকে হতাশ হতে না করছেন হুবেন অ্যামুরি। ম্যানচেস্টার ইউনাইটেড কোচের মতে, প্রতিভাবান এই মিডফিল্ডারের সুযোগ আসবে এবং সামনে সবটুকু সময় পড়ে আছে তার জন্য।
চলতি মৌসুমে এখনও পর্যন্ত মাত্র ১২টি ম্যাচে মাঠে নামার সুযোগ পেয়েছেন মেইনু। শুরুর একাদশে ছিলেন কেবল একটি ম্যাচে, সেটিও লিগ কাপে।
গত মাসে অ্যামুরি বলেছিলেন, দলে জায়গা পেতে লড়াই করতে হবে মেইনুকে। গত রোববার অ্যাস্টন ভিলার বিপক্ষে ম্যাচে তাকে খেলানোর সম্ভাবনা ছিল অন্য বেশ কজন চোটে পড়ায়। তবে পেশির চোটের কারণে ছিটকে পড়েন ২০ বছর বয়সী ফুটবলার।
তবে এখনকার বাস্তবতা যেমনই হোক, মেইনুকে ভবিষ্যতের ভরসা হিসেবেই মনে করেন অ্যামুরি। মাঝমাঠে বিভিন্ন দায়িত্ব পালন করতে পারেন বলে তাকে নিয়ে আশাটা বেশি কোচের।
“কবি মেইনুর সুযোগ আছে। সবটুকু সময় পড়ে আছে তার সামনে। বিভিন্ন পজিশনে সে খেলেছে এবং এই পজিশনেও (ডিফেন্সিভ মিডফিল্ডার) খেলতে পারে। সে খেলতে পারে, যদি আমরা তিনজন খেলাই…গত ম্যাচে যেভাবে খেলিয়েছি, ম্যাসন মাউন্টের পজিশনে সে এই ম্যাচে খেলতে পারে।”
“সে ম্যানচেস্টার ইউনাইটেডের ভবিষ্যৎ। আমি এমনটিই মনে করি। তাকে স্রেফ সুযোগের অপেক্ষা করতে হবে।। ফুটবলে দুই দিনেই সবকিছু বদলে যেতে পারে।”
আপাতত পর্যাপ্ত সুযোগ না দিতে পারলেও জানুয়ারিতে মেইনুকে ধারে কোথাও পাঠানোর ভাবনা আপাতত নেই কোচের।
“আমরা যদি নতুন কাউকে না পাই, তাহলে তাকে ছেড়ে দেওয়া কঠিন।”