১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

জার্মানির সর্বোচ্চ পুরস্কার পাওয়ার মঞ্চে যে কারণে বিস্মিত টনি ক্রুস

পুরস্কৃত করার স্থান হিসেবে সান্তিয়াগো বের্নাবেউকে বেছে নেওয়াতে খুব খুশি রেয়াল মাদ্রিদ গ্রেট।

জার্মানির সর্বোচ্চ পুরস্কার পাওয়ার মঞ্চে যে কারণে বিস্মিত টনি ক্রুস
সান্তিয়াগো বের্নাবেউয়ের প্রেসিডেনশিয়াল বক্সে পুরস্কার হাতে টনি ক্রুস। ছবি: রেয়াল মাদ্রিদ

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2025, 04:39 PM

Updated : 26 Aug 2026, 05:12 PM

ফুটবলের সবুজ আঙিনায় কত না জাদুকরী মুহূর্তের জন্ম দিয়েছেন টনি ক্রুস। পেয়েছেন কত শত সাফল্য, উঁচিয়ে ধরেছেন অসংখ্য ট্রফি। সেই তিনি এবার পেলেন জার্মানির সর্বোচ্চ পুরস্কার- রিপাবলিক অব জার্মানির অর্ডার অব মেরিট ‘নাইট ক্রস।’

দেশের কাছ থেকে এতবড় সম্মান পেয়ে আবেগাপ্লুত সাবেক এই তারকা ফুটবলার। তবে তাকে আরও বেশি অবাক করেছে পুরস্কারের মঞ্চে উপস্থিত মুখগুলো।

ক্যারিয়ারের সেরা ১০ বছর ক্রুস কাটিয়েছেন রেয়াল মাদ্রিদে। তাকে বিশেষভাবে সম্মানিত করার স্থান হিসেবে এই ক্লাবকে বেছে নেওয়ায় খুব খুশি তিনি।

ক্লাবটির আঙিনা সান্তিয়াগো বের্নাবেউয়ের প্রেসিডেনশিয়াল বক্সে বৃহস্পতিবার এক আয়োজনের মধ্যে দিয়ে তার হাতে পুরস্কারটি তুলে দেন জার্মানির প্রেসিডেন্ট ফ্রাঙ্ক-ভল্টার স্টাইনমায়ার। তার পাশে ছিলেন রেয়ালের সভাপতি ফ্লোরেন্তিনো পেরেসও।

পরে রেয়াল মাদ্রিদ টিভিকে দেওয়া সাক্ষাৎকারে নিজের অনুভূতি জানান ক্রুস।

“আমি খুব খুশি। ক্যারিয়ারে আমি অনেক পুরস্কার পেয়েছি, কিন্তু জার্মানিতে এটাই সর্বোচ্চ পুরস্কার আপনি জিততে পারেন। এটা আমাদের ফাউন্ডেশনের জন্যও, যেখানে আমরা অসুস্থ শিশু ও তাদের পরিবারদের সাহায্য করে থাকি। এই পুরস্কারের অর্থ অনেক।”

বিশেষ ওই মুহূর্তে সেখানে আরও উপস্থিত ছিলেন রেয়ালের বর্তমান কোচ শাবি আলোন্সো, মিডফিল্ডার ফেদেরিকো ভালভের্দে, আন্টোনিও রুডিগার, ক্লাবটির কিংবদন্তি ফুটবলার রবের্তো কার্লোস, আর্বেলোয়া ও সোলারি।

সাবেক সতীর্থদের পাশে পেয়ে ক্রুসের উচ্ছ্বাস যেন বেড়ে যায় কয়েক গুণ।

“আমি জানতাম ফ্লোরেন্তিনো পেরেস ও জার্মান প্রেসিডেন্ট সেখানে থাকবেন; কিন্তু আমি জানতাম না আমার সাবেক সতীর্থরাও থাকবে। এমনকি আমার খুব ভালো বন্ধু আন্টোনিও রুডিগারও আমাকে আগে বলেনি। অবাক হয়েছিলাম এবং জীবনে দারুণ সব সতীর্থ ও ভালো মানুষদের পেয়েছি, বুঝতে পেরে খুশিও হয়েছি।”

২০২৩-২৪ মৌসুমে রেয়াল মাদ্রিদের হয়ে চতুর্থ লা লিগা শিরোপা এবং পঞ্চম ও ক্যারিয়ারে ষষ্ঠ চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি জিতে ক্লাব ফুটবলের ইতি টানেন টনি ক্রুস। ওই বছরের জুলাইয়ে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ খেলে জাতীয় দলকেও বিদায় জানান তিনি।

রেয়াল মাদ্রিদের হয়ে হয়ে আরও অনেক ট্রফি জিতেছেন ক্রুস। ২০১৪ সালে জার্মানির হয়ে বিশ্বকাপ জয়ী তারকা এর আগে বায়ার্ন মিউনিখেও পেয়েছেন  অনেক ট্রফি জয়ের স্বাদ।