চ্যাম্পিয়ন্স লিগ
Published : 25 Nov 2024, 06:00 PM
চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা ধরে রাখার অভিযানে এমনিতেই সময়টা ভালো যাচ্ছে না রেয়াল মাদ্রিদের। তারওপর লিভারপুলের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে দলের সবচেয়ে নির্ভরযোগ্য ফরোয়ার্ড ভিনিসিউস জুনিয়রকে হারিয়েছে তারা। চোট সমস্যায় ছিটকে গেছেন ব্রাজিলিয়ান তারকা।
রেয়াল নিজেদের ওয়েবসাইটে সোমবার দেওয়া বিবৃতিতে জানিয়েছে, বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন ভিনিসিউস।
লা লিগায় রোববার রাতে লেগানেসের মাঠে ৩-০ গোলে জয়ের ম্যাচে পুরোটা সময় খেলেন ভিনিসিউস। তার অ্যাসিস্ট থেকেই দলের প্রথম গোলটি করেন কিলিয়ান এমবাপে। দলের পরের গোল দুটি করেন ফেদেরিকো ভালভের্দে ও জুড বেলিংহ্যাম।
পরদিন তার চোটের কথা জানাল রেয়াল। তবে কিভাবে তিনি চোট পেয়েছেন, তা জানা যায়নি।
ইউরোপ সেরার মঞ্চে আগামী বুধবার লিভারপুলের মাঠে খেলবে রেয়াল। ৩৬ দলের নতুন ফরম্যাটের আসরে প্রথম চার রাউন্ডে দুটিতে জিতে ৬ পয়েন্ট নিয়ে ১৮ নম্বরে আছে তারা।
সেরে উঠে মাঠে ফিরতে ভিনিসিউসের কতদিন লাগতে পারে, সেই বিষয়ে বিবৃতিতে কিছু জানানো হয়নি। তবে সূত্রের বরাত দিয়ে ইএসপিএন তাদের প্রতিবেদনে লিখেছে, চলতি বছরের শেষে ভিনিসিউসকে পাওয়ার আশা করছে রেয়াল।
সব প্রতিযোগিতা মিলিয়ে পরের সাতটি ম্যাচে হয়তো খেলতে পারবেন না ভিনিসিউস। এবারের লা লিগায় এখন পর্যন্ত আটটি ও চ্যাম্পিয়ন্স লিগে চারটি গোল করেছেন ২৪ বছর বয়সী ফরোয়ার্ড।