২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউরোর মাঝে স্কুল পরীক্ষায় পাসের সুখবর পেলেন ইয়ামাল

ইউরোপ সেরার প্রতিযোগিতাটিতে দেশের প্রতিনিধিত্ব করার পাশাপাশি পড়াশোনাও চালিয়ে যেতে হচ্ছে স্পেনের তরুণ এই উইঙ্গারকে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2024, 08:04 PM

Updated : 26 Aug 2026, 09:53 AM

চলতি ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের শেষ ষোলোয় জর্জিয়ার বিপক্ষে ম্যাচের আগে সুখবর পেলেন লামিনে ইয়ামাল। স্কুল পরীক্ষায় পাস করেছেন স্পেনের ১৬ বছর বয়সী এই উইঙ্গার। 

দক্ষিণ জার্মানিতে স্পেনের অনুশীলন ক্যাম্পে এই খবর পান ইয়ামাল। মহাদেশীয় টুর্নামেন্টটিতে দেশের প্রতিনিধিত্ব করার পাশাপাশি পড়াশোনাও চালিয়ে যেতে হচ্ছে তাকে। 

স্প্যানিশ রেডিও ‘ওন্দা সেরো’কে ইয়ামাল বলেন, “আমি সবেমাত্র অনুশীলন সেশন থেকে বেরিয়ে এসেছি এবং আমাকে বলা হলো, সবকিছু ঠিকঠাক হয়েছে। আমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি এবং আমার এখন ইএসও যোগ্যতা আছে।”

ইএসও স্পেনে মাধ্যমিক শিক্ষার শেষ ধাপ, চতুর্থ বর্ষ। যুক্তরাজ্যে যা জিসিএসই (মাধ্যমিক সমমান) ও যুক্তরাষ্ট্রে হাই স্কুল ডিপ্লোমার সমতুল্য।

এবারের ইউরোয় স্পেনের প্রথম ম্যাচে মাঠে নেমে প্রতিযোগিতাটির ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হয়ে যান ইয়ামাল। গ্রুপ পর্বে স্পেনের তিন ম্যাচেই খেলেছেন তিনি। আসরের একমাত্র দল হিসেবে শতভাগ সাফল্যে নকআউট পর্বে উঠেছে তিনবারের ইউরোপ জয়ীরা।

স্পেনের হয়ে এখন পর্যন্ত ১০ ম্যাচ খেলে ২টি গোল করার পাশাপাশি ৫টি অ্যাসিস্ট করেছেন ইয়ামাল। ক্লাব বার্সেলোনারও গুরুত্বপূর্ণ একজন সদস্য হয়ে উঠেছেন তিনি।