১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘আমরা কাউকে ভয় করি না’, নকআউটের সম্ভাব্য প্রতিপক্ষ নিয়ে ডাচ কোচ

ব্রাজিল কিংবা মরক্কো নিয়ে নয়, আপাতত শেষ গ্রুপ ম্যাচ নিয়ে ভাবছেন রোনাল্ড কুমান।

‘আমরা কাউকে ভয় করি না’, নকআউটের সম্ভাব্য প্রতিপক্ষ নিয়ে ডাচ কোচ
নেদারল্যান্ডস কোচ রোনাল্ড কুমান। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2026, 10:33 PM

Updated : 11 Sep 2026, 03:30 PM

গ্রুপ চ্যাম্পিয়ন হলে পরের রাউন্ডে প্রতিপক্ষ মরক্কো, আর রানার্সআপ হলে ব্রাজিল। নকআউট পর্বের প্রথম ধাপে প্রতিপক্ষ হিসেবে কাকে চায় নেদারল্যান্ডস? দলটির কোচ রোনাল্ড কুমান বলেছেন, প্রতিপক্ষ যে-ই হোক, কাউকেই ভয় পান না তারা।

শেষ গ্রুপ ম্যাচে শুক্রবার বাংলাদেশ সময় ভোরে তিউনিসিয়ার মুখোমুখি হবে ডাচরা। ৪ পয়েন্ট নিয়ে আপাতত ‘এফ’ গ্রুপে শীর্ষে আছে তারা। সমান ৪ পয়েন্ট দুইয়ে থাকা জাপানেরও। ৩ পয়েন্ট নিয়ে তিনে সুইডেন। আর দুই ম্যাচই হেরে আসর থেকে বিদায় নিশ্চিত হয়ে গেছে তিউনিসিয়ার।

শেষ বত্রিশের প্রতিপক্ষ নিয়ে আপাতত ভাবছেন না কুমান। এখন তাদের প্রথম লক্ষ্য তিউনিসিয়াকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া।

কুমানকে বৃহস্পতিবারের সংবাদ সম্মেলনে জিজ্ঞেস করা হয়েছিল- নকআউটে এমন কোনো দল আছে কি না, যাদের তিনি এড়িয়ে চলতে চান? জবাবে ডাচ কোচ স্পষ্ট বলেন, “আমার কাছে সব দলই সমান।”

“আমরা এই টুর্নামেন্টে অনেক দূর যেতে চাই। প্রতিপক্ষ যে-ই হোক না কেন, আমরা সবাইকে সম্মান করি এবং কাউকে ভয় পাই না। কারণ বিশ্বাস করি, আমরা শক্তিশালী দল।”

বিশ্বকাপের শুরুটা প্রত্যাশা অনুযায়ী হয়নি নেদারল্যান্ডসের। জাপানের বিপক্ষে দুইবার এগিয়ে গিয়েও ২-২ ড্র নিয়ে মাঠ ছাড়তে হয় তাদের। পরে অবশ্য ঘুরে দাঁড়ায় তারা। সুইডেনকে উড়িয়ে দেয় ৫-১ গোলে।

কুমান বললেন, বিশ্বকাপে তাদের এগিয়ে যাওয়ার মূল মন্ত্র একটি একটি ম্যাচ ধরে পরিকল্পনা করা।

“আমরা মনে করি, এগিয়ে যাওয়ার সেরা উপায় হলো- একটি একটি করে ম্যাচ ধরে এগোনো এবং সামনে যে-ই আসুক না কেন, তাদের হারিয়ে দেওয়ার জন্য নিজেদের প্রস্তুত রাখা।”