২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘আসুন, ভিত্তিটা তৈরি করে দেই’, বললেন বাটলার

বড় স্বপ্নের ফানুস না উড়িয়ে বাংলাদেশ জাতীয় নারী দলের কোচ উইমেন’স এশিয়ান কাপের লক্ষ্য নিয়ে বরাবরের মতোই বললেন একই কথা।

‘আসুন, ভিত্তিটা তৈরি করে দেই’, বললেন বাটলার
বাংলাদেশের প্রধান কোচ পিটার জেমস বাটলার। ছবি: বাফুফে

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2026, 11:38 AM

Updated : 26 Aug 2026, 03:03 PM

ঢাকাতেও কাকডাকা ভোরে অনুশীলন করাতেন পিটার জেমস বাটলার। অস্ট্রেলিয়াতে এসেও সেই ছকে বদল আসেনি। জুবিলি স্টেডিয়ামের সবুজে শনিবার সকাল নয়টায় প্রস্তুতি তিনি নেমে পড়লেন দল নিয়ে। দুই ঘণ্টার অনুশীলনে গা গরমের পর পাসিং, শুটিং, সেট-পিসের অনুশীলনে কাটালেন ব্যস্ত সময়। 

গোলরক্ষক কোচ মাসুদ আহমেদ উজ্জ্বল বরাবরের মতোই তিন গোলকিপার রূপনা চাকমা, মিলি আক্তার ও স্বর্ণা রানী মন্ডলকে নিয়ে প্রস্তুতি নিলেন। দুই উইমেন’স সাফ জয়ী রূপনাকে যেন সময় দিলেন একটু বেশিই। দলে যোগ দেওয়া নতুন ফিজিও ইসনাদ জামকন কাজ করলেন তার মতো করে।

সিডনিতে যে এই আসর নিয়ে খুব উন্মাদনা, তা নয়। কমব্যাংক স্টেডিয়ামে মঙ্গলবার চীনের বিপক্ষে গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচ খেলবেন ঋতুপর্ণা-আফঈদারা। এই মাঠে গিয়ে দেখা গেল, কিছু ইলেক্ট্রনিক বোর্ডে উইমেন’স এশিয়ান কাপের আয়োজনের পোস্টার সাঁটানো। গণমাধ্যম কর্মীদের ম্যাচ কাভার করার জন্য প্রয়োজনীয় অ্যাক্রিডিটেশন কার্ড দেওয়ার জন্য লোকাল অর্গানাইজিং কমিটির কিছু কর্মী বসে আছেন। আন্তরিকার সাথে কাজগুলো করে দিলেন তারা।

স্টেডিয়ামের ভেতরে-বাইরের পরিবেশ ছিমছাম, পরিচ্ছন্ন ও কোলাহল মুক্ত। স্টেডিয়ামের লাগোয়া বনে গাছগুলো ছেয়ে আছে অসংখ্য বাদুরে। তাদের আওয়াজে অন্যরকম এক আবহ। এদিন মাঠের ভেতরে ঢোকার অনুমতি মেলেনি গণমাধ্যমকর্মীদের। স্মিত হেসে এক নিরাপত্তাকর্মী বললেন, সোমবারে আসুন।

বাংলাদেশ দল ঘাম ঝরিয়েছে কমব্যাংক স্টেডিয়ামের প্রায় ৩৫ কিলোমিটার দূরে জুবিলি স্টেডিয়ামে। প্রস্তুতির ফাঁকে প্রথমবারের মতো উইমেন’স এশিয়ান কাপে খেলার রোমাঞ্চ অনুভব করার কথা জানিয়েছেন ফরোয়ার্ড সুরভি আকন্দ প্রীতি। প্রথমবারের মতো একটি দেশকে উইমেন’স এশিয়ান কাপের মঞ্চে তুলে রোমাঞ্চিত কোচ বাটলারও।

প্রস্তুতির কমতির প্রসঙ্গ পাড়তেই বাটলারের কণ্ঠে সেই রোমাঞ্চ অবশ্য উধাও! এ নিয়ে উষ্মা তিনি দেশে থাকতেই জানিয়েছিলেন। র‍্যাঙ্কিংয়ের উপরের দিকে থাকা দলগুলোর বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে চেয়েছিলেন এই ইংলিশ কোচ; কঠিন পরীক্ষার টেবিলে ঋতুপর্ণা-মনিকা-মারিয়াদের বসিয়ে প্রস্তুত করতে চেয়েছিলেন দলকে, কিন্তু বাংলাদেশ ফুটবল ফেডারেশন পারেনি প্রস্তুতি ম্যাচ আয়োজন করতে।

একটি প্রস্তুতি ম্যাচ সিডনিতে এসে অবশ্য খেলেছে বাংলাদেশ। সিডনি ওয়েস্টার্ন ওয়ান্ডারার্সের বিপক্ষে ‘ক্লোজডোর’ ম্যাচটি হয় ১-১ ড্র। ওই ম্যাচে ভালো খেলার দাবি করে প্রীতি মূল লড়াইয়ে সেরাটা নিংড়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। 

বাটলার বরাবরের মতোই কোনো প্রতিশ্রুতি দিলেন না। প্রস্তুতি ম্যাচ খেলতে না পারা, ফিজিও না থাকা-সব বাস্তবতা মেনে নিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানালেন তার লক্ষ্য।

“এশিয়ান কাপ খেলতে আমরা সিডনিতে আছি, এমন এক পর্যায়ে (খেলতে এসেছি), যেখানে বাংলাদেশ আগে কখনও প্রতিযোগিতা করেনি। এখানে আসাটা একটা বিশাল অর্জন। ফলাফল যাই হোক না কেন, আমরা কেবল আমাদের সেরাটা দিতে চাই, আসুন সামনের ৪ বছরের মধ্যে আরও এএফসি যোগ্যতা অর্জনের ভিত্তি স্থাপন করি বাংলাদেশের জন্য। আমাদের শিখতে হবে প্রস্তুতিই সবকিছু।”