২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভয়ডরহীন গিইউতে মুগ্ধ শাভি

দলের প্রয়োজনের সময় তরুণরা এগিয়ে আসায় বার্সেলোনার কোচের ভালোলাগাটা একটু বেশিই।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2023, 05:10 PM

Updated : 23 Oct 2023, 05:18 PM

বদলি নামার ৩৩ সেকেন্ডের মধ্যে প্রথম সুযোগটি পেয়ে কাজে লাগালেন মার্ক গিইউ। প্রথম স্পর্শেই করলেন গোল! এই তরুণ দ্যুতি ছড়িয়ে হয়ে উঠলেন ম্যাচের নির্ণায়ক। শাভি এর্নান্দেসের বুক থেকেও শঙ্কার পাথরটা সরে গেল। উঠতি গিইউকে নিয়ে তাই বার্সেলোনার কোচের মুগ্ধতার অন্ত নেই।

লা লিগায় রোববার রাতে আথলেতিক বিলবাওয়ের বিপক্ষে গিইউয়ের গোলে ১-০ গোলে জেতে বার্সেলোনা। কেবল এই তরুণ নয়, দলের প্রয়োজনে লামিন ইয়ামাল, ফেরমিন লোপেসরাও ছড়াচ্ছেন আলো। শাভি তাই অনুভব করছেন অন্যরকম স্বস্তি; তৃপ্তিও।

বিলবাওয়ের বিপক্ষে ৭৯তম মিনিটে লোপেসের বদলি নেমে ৩৩ সেকেন্ডের মাথায় সুযোগ পান গিউই। পোস্টের নিচে পাহাড়সমান বাঁধা হয়ে থাকা উনাই সিমোনকে পরাস্ত করেন ঠাণ্ডা মাথার কোনাকুণি শটে। একাডেমি থেকে উঠে আসা ১৭ বছর বয়সী এই খেলোয়াড়ের প্রশংসায় তাই পঞ্চমুখ শাভি।

“একাডেমি থেকে উঠে আসা ছেলে মার্ক এবং সে-ই পার্থক্য গড়ে দিল। তাকে নিয়ে আমি খুশি এবং আমরা তিন পয়েন্ট পেলাম, যেটা আসলেই গুরুত্বপূর্ণ।”

“ওই মুহূর্তে তার কথা ভেবেছিলাম আমি। কেননা, সে একজন গোল স্কোরার। তার মধ্যে সেই স্ফুরণটা আছে এবং ব্যক্তিগতভাবে আমি তাকে পছন্দ করি। একাডেমিতে কে আছে, সেটা দেখতে আমার কখনও সমস্যা নেই; আমি এর উল্টোটাই ভাবি। ১৭, ১৮ বছর বয়সে যে সুযোগ আমাকে দেওয়া হয়েছিল, সেই সুযোগটাই আমি এই ছেলেদের দিতে চাই।”

শাভি তা দিচ্ছেনও। বিলবাও ম্যাচে যেমন গিইউ, তেমনি ১৬ বছর বয়সী ইয়ামাল এবং ২০ বছর বয়সী লোপেস এই মৌসুমে মায়োর্কা ও গ্রানাদার বিপক্ষে দলের ত্রাতা হয়ে এসেছিলেন।

একাডেমি থেকে উঠে আসা ১৯ বছর বয়সী গাভি, ২০ বছর বয়সী আলেহান্দ্রো বাল্দে এরই মধ্যে শুরুর একাদশে নিয়মিত হয়েছেন। এই তরুণদের নির্ভয় মানসিকতায় বিস্মিত শাভি।

“যে বিষয়টা আমাকে বিস্মিত করে, সেটা হচ্ছে এই প্রজন্মের ছেলেদের কোনো ভয়ডর নেই। হয়তো আমাদের সময়ে এটা ভিন্নরকম ছিল। এই ছেলেদের মধ্যে স্ফুলিঙ্গ আছে। তারা আমার দিকে সেই দৃষ্টিতে তাকায়, যেটা বলে-আমাকে খেলতে নামান, আমি দেখিয়ে দেব, সবকিছু ঠিকঠাক হবে। যখন তাদের খেলতে নামাই, তারা প্রস্তুত, তারা তাদের দৃঢ়তা ও সাহস দেখায়।”

“এটা আমি গাভি, বাল্দে, লামিন, ফেরমিনের মধ্যে দেখেছিলাম...এবং এটা মার্কের মধ্যে দেখলাম। তার চেহারায় কোনো ভয়ডর নেই। তাকে বলেছিলাম, তুমি একটা সুযোগ পাবে। সেটা পেল এবং তা কাজে লাগাল। আমি অনুভব করি, সে প্রস্তুত ছিল। ওকে নিয়ে আমি আসলেই খুশি। ভালো এবং কঠোর পরিশ্রম করা একটা ছেলে।”