২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চার্লটন ছিলেন ইংল্যান্ডের সর্বকালের সেরা, স্মৃতিচারণে লিনেকার

অসীমের পথে পাড়ি জমানো এই কিংবদন্তির স্মরণে সবাই মেলে ধরলেন স্মৃতির ঝাঁপি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2023, 04:04 PM

Updated : 22 Oct 2023, 05:39 PM

কারো চোখে তিনি ‘সর্বকালের সেরা’, কারো কাছে তিনি লাখো মানুষের ‘নায়ক।’ না ফেরার দেশে পাড়ি জমানো কিংবদন্তি ববি চার্লটনকে নিয়ে এভাবেই অনেকে মেলে ধরলেন স্মৃতির ঝাঁপি।

ইংল্যান্ডের বিশ্বকাপের জয়ের নায়কদের একজন চার্লটন গত শনিবার পরপারে পাড়ি জমান। প্রায় ২৪ বছরের পেশাদার ক্যারিয়ারে ইংল্যান্ডের হয়ে বিশ্বকাপ, ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সিতে তিনটি লিগ শিরোপা, এফএ কাপ এবং ইউরোপিয়ান কাপ (বর্তমানে চ্যাম্পিয়ন্সি লিগ) জেতা এই কিংবদন্তির মৃত্যুতে শোকে মূহ্যমান ফুটবল বিশ্ব।

ইউনাইটেডের আঙিনা ওল্ড ট্র্যাফোর্ডে ১৭টি বছর কাটানো চার্লটন আরেক ইংলিশ গ্রেট গ্যারি লিনেকারের কাছে নায়ক।

“আমার কাছে তিনি ইংল্যান্ডের সর্বকালের সেরা খেলোয়াড়। জীবনে যাদের খেলা আপনি দেখেছেন, আপনি কেবল তাদেরই মূল্যায়ন করতে পারবেন এবং আমি সৌভাগ্যবান ছোট বেলায় তার খেলা আমি দেখেছি। তিনি ছিলেন আমার নায়কদের একজন। অনেক মানুষের নায়ক।” 

“তিনি ছিলেন অপূর্ব। বিশ্বের যে প্রান্তেই আপনি যান না কেন, যদি তারা ইংরেজি ভাষা বলতে নাও পারে, তারা ‍দুটি শব্দ জানত-ববি চার্লটন।”

ইউনাইটেডের সাবেক দুই তারকা ডেভিড বেকহ্যাম ও ওয়েইন রুনি শ্রদ্ধাভরে স্মরণ করেছেন চার্লটনকে। নাইটহুড পাওয়া চার্লটনের প্রতি আজীবন কৃতজ্ঞতার কথা বললেন বেকহ্যাম।

“স্যার ববির কারণেই ম্যানচেস্টার ইউনাইটেডে খেলার সুযোগ পেয়েছিলাম আমি। আমার সবকিছুর জন্যই স্যার ববির কাছে ঋণী আমি।”

মিডলসবোরোর বিপক্ষে ম্যাচ চলাকালীন দুঃসংবাদটি পান রুনি। ইউনাইটেডের এই রেকর্ড গোলদাতা বিশ্বাসই করতে পারছিলেন না, তাদের মাঝে চার্লটন আর নেই।

“আমি এখনও শোকাহত। ১৯৬৬ বিশ্বকাপ জেতা, ১৯৬৮-এর ইউরোপিয়ান কাপ জেতা এবং এরপর মিউনিখ ট্র্যাজেডির পর যে পরিস্থিতির মধ্যে দিয়ে তাকে যেতে হয়েছে-দুর্দান্ত একটা জীবন কাটিয়েছেন তিনি। তিনি একজন গ্রেট; ফুটবলের সত্যিকারের কিংবদন্তি।”

ইউনাইটেডের সাবেক গোলরক্ষক অ্যালেক্স স্টেপনি সামাজিক যোগাযোগের মাধ্যম এক্স-এ লিখেছেন, “ফুটবলের জন্য বড় ক্ষতি। দারুণ একজন খেলোয়াড় এবং মানুষ। অনেক দারুণ সময় ভাগাভাগি করেছি। সৃষ্টিকর্তা সহায় হউন।”

ইউনাইটেডের শোক বার্তায় উঠে এসেছে চার্লটনের প্রতি তাদের ভালোবাসা, শ্রদ্ধা, “সেরাদের এবং ক্লাবের ইতিহাসে সবচেয়ে বেশি ভালোবাসা পাওয়া খেলোয়াড়দের একজন। কেবল ম্যানচেস্টার ইউনাইটেড কিংবা যুক্তরাজ্যের নয়, সারা বিশ্বের যে প্রান্তেই ফুটবল খেলা হয়, লাখো মানুষের নায়ক স্যার ববি।”

শোক জানিয়েছেন ম্যানচেস্টার সিটি কোচ পেপ গুয়ার্দিওলা।

“একজন বড় মাপের কিংবদন্তি। ম্যানচেস্টার সিটির পক্ষ থেকে তার পরিবার, ম্যানচেস্টার ইউনাইটেড এবং সবার জন্য সমবেদনা। তার মতো মানুষদের কারণেই আমরা এই প্রিমিয়ার লিগ পেয়েছি।”

১৯৬৬ বিশ্বকাপের ফাইনালে হ্যাটট্রিক করা জিওফ হার্স্ট সতীর্থ হারানোর বেদনায় কাতর।

“আজ…খুবই দুঃখের খবর। আমরা তাকে কখনই ভুলব না, ফুটবলও তাকে কখনই ভুলবে না। দারুণ একজন সতীর্থ এবং বন্ধু। কেবল ক্রীড়াঙ্গণে নয়, সব দেশের মানুষ তাকে মিস করবে।”

ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট প্রিন্স উইলিয়ামও কৃতজ্ঞতাভরে স্মরণ করেছেন চার্লটনকে। এই কিংবদন্তির স্মৃতিচারণে তিনি কেবল প্রশংসাসূচক উপমাই ব্যবহার করেছেন।

“স্যার ববি চার্লটন, প্রথম বিভাগ চ্যাম্পিয়ন, ইউরোপিয়ান চ্যাম্পিয়ন, বিশ্বচ্যাম্পিয়ন, ভদ্রলোক, কিংবদন্তি, একজন সত্যিকারের গ্রেট, যাকে সারা জীবন মানুষ স্মরণ করবে। ধন্যবাদ স্যার ববি।”