‘গত মৌসুমের চেয়ে শক্তিশালী রেয়াল’, সতীর্থদের সিলভার সতর্কবার্তা
ম্যানচেস্টার সিটিকে হারিয়ে প্রতিশোধ নিতে চাইবে রেয়াল মাদ্রিদ, মনে করছেন বের্নার্দো সিলভা।
চ্যাম্পিয়ন্স লিগের গত আসরের সেমি-ফাইনালে রেয়াল মাদ্রিদকে সহজেই হারায় ম্যানচেস্টার সিটি। এবার কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগ শেষে দুই দলের অবস্থান সমান। ঘরের মাঠে দ্বিতীয় লেগে ইউরোপের সফলতম দলটির মুখোমুখি হওয়ার আগে সতীর্থদের মাটিতে পা রাখতে বলেছেন বের্নার্দো সিলভা। সিটির এই মিডফিল্ডারের মতে, এবারের রেয়াল গতবারের চেয়ে বেশি শক্তিশালী।
গত সপ্তাহে ইউরোপ সেরার প্রতিযোগিতায় শেষ আটের প্রথম লেগে রেয়ালের মাঠে ৩-৩ গোলে ড্র করে সিটি। দ্বিতীয় লেগে বুধবার ইতিহাদ স্টেডিয়ামে স্প্যানিশ ক্লাবটির বিপক্ষে লড়াই তাদের। বাংলাদেশ সময় রাত একটায় শুরু হবে ম্যাচ।
২০২১-২২ আসরে সেমি-ফাইনালে রেয়ালের বিপক্ষে দুই লেগ মিলিয়ে নাটকীয়ভাবে পিছিয়ে (৫-৬ গোলে) পড়ে ফাইনালে উঠতে পারেনি সিটি। গত মৌসুমে সেই প্রতিশোধ নেয় তারা দুর্দান্তভাবে। দুই লেগ মিলিয়ে রেয়ালকে হারায় ৫-১ ব্যবধানে। যেখানে ইতিহাদ স্টেডিয়ামে কার্লো আনচেলত্তির দলকে উড়িয়ে দেয় ৪-০ গোলে।
সেই আত্মবিশ্বাস সঙ্গী হলেও প্রতিপক্ষকে সম্মান করছে সিটি। এবার প্রথম লেগে রেয়ালের মাঠে শেষ দিকে এগিয়ে গেলেও শেষ পর্যন্ত ব্যবধান ধরে রাখতে পারেনি পেপ গুয়ার্দিওলার দল। ওই ম্যাচেই সিলভার উপলব্ধি হয়েছে, আগের চেয়ে এখন আরও বেশি শক্তিশালী দল রেয়াল।
ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে তাই সতীর্থদের সতর্কবার্তা দিলেন সিটির এই পর্তুগিজ মিডফিল্ডার। তার মতে, এবার প্রতিশোধ নিতে চাইবে রেয়ালও।
“গত বছরের ম্যাচ (রেয়াল মাদ্রিদের বিপক্ষে) আর দেখিনি। আমার মনে হয়, মাদ্রিদ গত মৌসুমের চেয়ে এখন শক্তিশালী। বের্নাবেউয়ে খেলার সময় আমার অনুভূতি এমনই ছিল। তারা প্রতিশোধ নিতে চাইবে এবং ম্যাচটি ভিন্ন হবে। এই দলটি ভিন্ন, গত বছর তারা ৪-৩-৩ ফরমেশনে বেশি খেলেছে, এ বছর ৪-৪-২ ফরমেশনে বেশি খেলছে। (কারিম) বেনজেমার জায়গায় (জুড) বেলিংহ্যাম এসেছে, রদ্রিগো এই বছর অনেক খেলছে এবং খুব ভালো করছে। মাদ্রিদের গর্বে নিশ্চয়ই কিছুটা আঘাত করেছে (গত ম্যাচের ফল)।”
“ঘরের মাঠে সমর্থকদের নিয়ে আমরা অনেক শক্তিশালী। ২০২২ সালে যা ঘটেছিল তার জন্য গত বছরের ম্যাচটি ছিল সমর্থকদের কাছে ক্ষমা চাওয়ার মঞ্চ।”
চ্যাম্পিয়ন্স লিগের রেকর্ড ১৪ বারের শিরোপাজয়ী দল রেয়াল। তারা কতটা ভয়ঙ্কর ভালো করেই জানা আছে সিলভার।
“এই প্রতিযোগিতায় তারা অনেক কিছু অর্জন করেছে এবং আমরা জানি যে, তারা খুবই ভয়ঙ্কর দল। তারা এমন একটি দল যারা আমাদের থেকে ভিন্নভাবে খেলে। মাঝে মধ্যে খেলাটি নিজেদের নিয়ন্ত্রণে মনে হলেও তারা এক বা দুইবার জেগে উঠবে এবং দুটি গোল করে ফেলবে। তারা আপনাকে মনে করাবে যে খেলাটি আপনার নিয়ন্ত্রণে, আসলে আপনি কখনই নিয়ন্ত্রণে ছিলেন না। এককভাবে তারা বিশ্বের সেরা দল।”
গত মৌসুমে ট্রেবল জেতা সিটির সামনে এবারও সেই সাফল্যের পুনরাবৃত্তি করার সুযোগ। প্রিমিয়ার লিগে শীর্ষে আছে তারা। এফএ কাপের সেমি-ফাইনালে শনিবার মুখোমুখি হবে চেলসির।
সিলভা অবশ্য বললেন, আপাতত ট্রেবল নিয়ে ভাবছেন না তারা। তবে সম্ভাব্য সব শিরোপা জয়ের আশাও ছাড়ছে না দলটি।
“এই সপ্তাহান্ত আমাদের জন্য দারুণ ছিল। দুই দলই (আর্সেনাল ও লিভারপুল) হারবে ভাবিনি। আগে শিরোপা ভাগ্য আমাদের হাতে ছিল না, এখন পরিস্থিতি বদলেছে। আমরা যদি নিজেদের কাজটা করতে পারি তাহলে আমরা প্রিমিয়ার লিগ জিতব।”
“এখন ট্রেবল নিয়ে ভাবার সময় নয়, কারণ এখনও অনেক পথ বাকি। এক সপ্তাহের মধ্যে আমরা তিনটি প্রতিযোগিতাই হারতে পারি। সাত বছরে ছয়টি প্রিমিয়ার লিগ জিততে চাই এবং টানা দুই বছর চ্যাম্পিয়ন্স লিগ জিততে চাই, যা কেবল রেয়াল মাদ্রিদই অর্জন করেছে, যা একটি লেগ্যাসি তৈরি করবে।”
