ব্যর্থতার বলয় ভাঙতে বের্নাবেউকে পাশে চাইলেন আরবেলোয়া
আসছে ম্যাচে কেবল জয় নয়, অসাধারণ এক ম্যাচ খেলার প্রতিশ্রুতি দিলেন রেয়াল মাদ্রিদের নতুন কোচ।
চার দিনের মধ্যে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার বিপক্ষে হেরে একটি ট্রফি হাতছাড়া এবং আরেকটির লড়াই থেকে আগেভাগে ছিটকে পড়ার হতাশা, দুইয়ে মিলিয়ে সময়টা ভীষণ খারাপ কাটছে রেয়াল মাদ্রিদের। আসছে ম্যাচে ঘুরে দাঁড়াতে না পারলে, লিগ শিরোপার লড়া্ইয়েও পিছিয়ে পড়তে হবে অনেকটা। এমন প্রতিকূল সময়ে সমর্থকদের দারুণ এক ম্যাচ খেলার প্রতিশ্রুতি দিলেন রেয়ালের নতুন কোচ আলভারো আরবেলোয়া।
চলতি মৌসুমে শুরুটা বেশ ভালোই হয়েছিল রেয়ালের। একটা সময় লা লিগায় পাঁচ পয়েন্টে এগিয়ে শীর্ষে ছিল তারা। কিন্তু নভেম্বরের ছন্দপতনের পর, উল্টো তারাই এখন বার্সেলোনার চেয়ে চার পয়েন্ট পিছিয়ে দুইয়ে আছে।
তবে গত বছরের শেষে ও এই বছরের শুরুতে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দেয় রেয়াল। যদিও স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনার বিপক্ষে হারের পর ক্লাব কর্তাদের আস্থা হারিয়ে ফেলেন কোচ আলোন্সো। পরদিনই তাকে ‘ছাঁটাই’ করা হয়। দায়িত্ব পান আরবেলোয়া। কিন্তু ডাগআউটে তার শুরুটা হয় আরও বাজে; কোপা দেল রের শেষ ষোলোয় দ্বিতীয় স্তরের দল আলবাসেতের বিপক্ষে হেরে বাদ পড়ে তারা।
ব্যর্থতার বলয় থেকে শীঘ্রই বের হতে না পারলে আরও বড় বিপদে পড়তে হবে, বুঝতে পারছেন আরবেলোয়া। শুক্রবারের সংবাদ সম্মেলনে লেভান্তের বিপক্ষে আসছে ম্যাচেই দ্যুতিময় পারফরম্যান্সের কথা দিলেন তিনি।
“পূর্ণ উদ্যমে আমরা লক্ষ্যে স্থির, সত্যিই উন্মুখ। আমাদের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ ম্যাচ। লিগ শিরোপার দৌড়ে টিকে থাকার চ্যালেঞ্জ এবং সান্তিয়াগো বের্নাবেউয়ে খেলা আমাদের অনুপ্রাণিত করে। আমরা দারুণ একটা ম্যাচ খেলতে চাই।”
সাম্প্রতিক সময়ে দলের অধারাবাহিকতায় ভীষণ বিরক্ত ছিল রেয়ালের সমর্থকরা। গত মাসে ঘরের মাঠে টানা দুই ম্যাচে হেরেছিল দলটি। বের্নাবেউয়েও সমর্থকদের কাছ থেকে দুয়ো শুনতে হয়েছিল ভিনিসিউসদের।
তাই ঘুরে দাঁড়ানোর মিশনে নামার আগে সমর্থকদের পাশে চাইলেন আরবেলোয়া।
“বের্নাবেউয়ের (সমর্থকদের) মতামতের প্রতি আমার শ্রদ্ধা আছে। আমি বুঝতে পারছি যে, মাদ্রিদের সমর্থকরা কষ্ট পেয়েছে এবং আমাদের প্রতি তারা অসন্তুষ্ট; কিন্তু আমি তাদের সমর্থন চাই।”
“রেয়াল মাদ্রিদের ১২৩ বছরের ইতিহাসে, শিরোপা জয় তখনই সম্ভব হয়েছে যখন বের্নাবেউ খেলোয়াড়দের পক্ষে ছিল। হুয়ানিতো (রেয়ালের সাবেক স্প্যানিশ ফরোয়ার্ড) বলেছিলেন, “বের্নাবেউ আমাদের খেলোয়াড়দের পক্ষে থাকলে বের্নাবেউয়ের ৯০ মিনিট অনেক দীর্ঘ।” আমি তাদের কাছে ঠিক এটা চাই।”
বাংলাদেশ সময় শনিবার সন্ধ্যা সাতটায় শুরু হবে রেয়াল মাদ্রিদ-লেভান্তে ম্যাচ।
১৯ ম্যাচে ১৪ ও ৩ ড্রয়ে ৪৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে রেয়াল মাদ্রিদ। বার্সেলোনার পয়েন্ট ৪৯।
১৮ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে ১৯ নম্বরে আছে লেভান্তে।
