১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

পাঁচ সমর্থককে নিষিদ্ধ করল বেনফিকা

রেয়াল মাদ্রিদের বিপক্ষে ম‍্যাচে বর্ণবাদী আচরণের জন‍্য এই সিদ্ধান্ত নিয়েছে পর্তুগিজ ক্লাবটি।

পাঁচ সমর্থককে নিষিদ্ধ করল বেনফিকা
বেনফিকার সমর্থকদের এক অংশ। ছবি: রয়টার্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2026, 02:58 PM

Updated : 26 Aug 2026, 03:03 PM

তদন্ত শেষে রেয়াল মাদ্রিদের বিপক্ষে ম‍্যাচে বর্ণবাদী ধরনের আচরণের দায়ে নিজেদের পাঁচ সমর্থককে নিষিদ্ধ করেছে বেনফিকা।

চ‍্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্লে-অফের প্রথম ম‍্যাচ হয়েছিল লিসবনে। সেদিন ঘটনার তদন্তের পর সাময়িক ব‍্যবস্থা নেওয়ার কথা বলেছে বেনফিকা। স্থায়ীভাবেও নিষিদ্ধ হতে পারেন এই ভক্তরা।

গত ১৭ ফেব্রুয়ারির ওই ম‍্যাচে বেনফিকার কয়েকজন সমর্থককে গ‍্যালারিতে বানরের ইঙ্গিত দিতে দেখা যায়। এক বিবৃতিতে ক্লাবটি বলেছে, এই ধরনের কোনো আচরণ সহ‍্য করা হবে না। বর্ণবাদী আচরণের বিরুদ্ধে তাদের দৃঢ় অবস্থান অব‍্যাহত থাকবে।

সেই ম‍্যাচে বেনফিকা উইঙ্গার জানলুকা প্রেস্তিয়ান্নির বিরুদ্ধে বর্ণবাদী মন্তব‍্যের অভিযোগ করেন রেয়াল ফরোয়ার্ড ভিনিসিউস জুনিয়র। বর্ণবাদ বিরোধী প্রটোকল অনুযায়ী খেলা বন্ধ করে দেন রেফারি। প্রায় ১১ মিনিট পর শুরু হয় খেলা। 

বর্ণবাদী মন্তব‍্যের অভিযোগ অস্বীকার করেছেন প্রেস্তিয়ান্নি। এই বিষয়ে তদন্ত করছে উয়েফা। তদন্ত শেষ না হলেও প্রাথমিক প্রমাণের ভিত্তিতে এক ম‍্যাচের জন‍্য আর্জেন্টাইন উইঙ্গারকে নিষিদ্ধ করে তারা। সে কারণে ফিরতি লেগে খেলতে পারেননি প্রেস্তিয়ান্নি। 

প্রথম লেগে ১-০ গোলে হারা বেনফিকা ফিরতি লেগেও হারে ২-১ গোলে। এতে চ‍্যাম্পিয়ন্স লিগে শেষ হয় তাদের পথচলা।

বেনফিকা কোচ জোসে মরিনিয়ো দাবি করেন, গোল করার পর বেনফিকার সমর্থকদের সামনে গিয়ে ভিনিসিউসের গোল উদযাপন দুই দলের খেলোয়াড়দের মধ‍্যে ঝামেলার মূল কারণ। এই মন্তব‍্যের জন‍্য সমালোচিতও হয়েছেন রেয়ালের সাবেক এই কোচ।