২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দুই গোলে এগিয়েও বাংলাদেশের ড্র

প্রথমার্ধে মালদ্বীপের জালে দুই গোল করে দ্বিতীয়ার্ধে এলোমেলো হয়ে যায় গোলাম রব্বানী ছোটনের দল।

দুই গোলে এগিয়েও বাংলাদেশের ড্র
প্রথমার্ধের এই গোলের আনন্দ দ্বিতীয়ার্ধের বিবর্ণতায় মলিন হয়ে গেছে বাংলাদেশের। মালদ্বীপের সাথে ড্র করেছে গোলাম রব্বানী ছোটনের দল। ছবি: বাফুফে

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2025, 06:43 PM

Updated : 26 Aug 2026, 12:41 PM

দুই অর্ধে দুই রূপে ধরা দিল বাংলাদেশ। প্রথমার্ধে যতটা গোছাল, আগ্রাসী, দ্বিতীয়ার্ধে ততটাই এলোমেলো, বিবর্ণ। তাতে নাজমুল হুদা ফয়সালের দৃষ্টিনন্দন গোলে ও রিফাত কাজীর লক্ষ্যভেদে মুঠোয় নেওয়া ম্যাচের লাগাম বিরতির পর হাতছাড়া হলো। দারুণ জয়ের আশা জাগিয়ে ড্রয়ের হতাশায় সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ শুরু করল বাংলাদেশ।

ভারতের অরুনাচলে গোল্ডেন জুবিলি স্টেডিয়ামে শুক্রবার ‘এ’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে মালদ্বীপের বিপক্ষে ২-২ ড্র করেছে বাংলাদেশ। বাংলাদেশ দুই গোল পায় প্রথমার্ধে, দ্বিতীয়ার্ধে দুটি ফিরিয়ে দেয় মালদ্বীপ।

শুরু থেকে আক্রমণাত্মক ফুটবলে মালদ্বীপের রক্ষণে ভীতি ছড়াতে থাকে বাংলাদেশ। দ্বিতীয় মিনিটে ফ্রি কিকে আশিকুর রহমান পা ঠিকঠাক ছোঁয়াতে পারেননি। 

ষষ্ঠ মিনিটে প্রথম কর্নার পায় বাংলাদেশ। মুর্শেদ আলির কর্নারে লাফিয়ে উঠেও গোলরক্ষক বলের নাগাল পাননি, কিন্তু দূরের পোস্টে থাকা মিঠু চৌধুরী ও স্যামুয়েল রাকসাম পারেননি দরকারি টোকা দিতে।

গোলের অপেক্ষা অবশ্য দীর্ঘ হয়নি বাংলাদেশের। দ্বাদশ মিনিটে বক্সে ফাঁকায় থাকা ফয়সাল বক্সের একটু ওপর থেকে নিখুঁত শটে লক্ষ্যভেদ করেন। ঝাঁপিয়েও বলের নাগাল পাননি মালদ্বীপ গোলরক্ষক।

একটু পর বক্সের ভেতর থেকে রিফাতের হেড ওপরের জাল কাঁপায়। ১৯তম মিনিটে তার আরেকটি হেডও যায় পোস্টের অনেক বাইরে দিয়ে।

২৫তম মিনিটে ব্যবধান দ্বিগুণের সুবর্ণ সুযোগ নষ্ট হয় বাংলাদেশের। ফয়সালের রক্ষণচেরা পাস ধরে বক্সে এক ডিফেন্ডারকে কাটিয়ে গোলরক্ষককে একা পেয়েছিলেন রিফাত, কিন্তু অবিশ্বাস্যভাবে তিনি শট নেন পোস্টের বাইরে! রাজ্যের হতাশায় মুখ ঢাকেন রিফাত।

৪৩তম মিনিটে বক্সের বাইরে থেকে রিফাতের শট এক ডিফেন্ডারের গায়ে লেগে দিক পাল্টে পোস্ট ঘেঁষে বাইরে যায়। তবে পরের মিনিটেই ‘শাপমোচন’ করেন রিফাত; মিঠুর চিপ গোলমুখ থেকে টোকায় জালে জড়িয়ে দেন। ব্যবধান দ্বিগুণের আনন্দ নিয়ে বিরতিতে যায় বাংলাদেশ।

খেলার ধারার বিপরীতে ৫৬তম মিনিটে ঘুরে দাঁড়ায় মালদ্বীপ। বাম দিক থেকে আসা ক্রস পা বাড়িয়েও আটকাতে পারেননি পোস্ট ছেড়ে বেরিয়ে আসা ইসমাইল হোসেন মাহিন। ফাঁকা পোস্টে স্লাইডে বল জড়িয়ে দেন বদলি নামা আনুফ আব্দুল্লাহ। এই গোল হজমের পর বাংলাদেশ হয়ে পড়ে দিশাহীন।

৭৩তম মিনিটে অধিনায়ক আহজাম রাশেদের রক্ষণচেরা পাস ধরে বক্সের ঠিক উপর থেকে বাম পায়ের শটে লক্ষ্যভেদ করেন ইথান জাকি। 

বাকিটা সময়েও বিবর্ণতার খোলস ছেড়ে বেরিয়ে আসতে পারেনি বাংলাদেশ। ছয় মিনিটের যোগ করা সময়ে কর্নার পেলেও তা কাজে লাগাতে পারেননি আশিক-রিফাতরা। বরং এই কর্নার থেকেই পাল্টা আক্রমণে বক্সে ঢুকে পড়েন মালদ্বীপের আসাম ইব্রাহিম, রক্ষণের প্রতিরোধে বেঁচে যায় বাংলাদেশ।

গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচে রোববার ভুটানের মুখোমুখি হবে এই প্রতিযোগিতার শিরোপাধারী বাংলাদেশ।