নাক ভেঙেছে সুইস ডিফেন্ডার শারের
ম্যাচের শুরুর দিকে পাওয়া চোট নিয়েই পুরোটা সময় খেলেন নিউক্যাসল ইউনাইটেডের এই ফুটবলার।
ইউরোতে বাজে একটি দিন কেটেছে ফাবিয়ান শারের। স্কটল্যান্ডের বিপক্ষে তার ভুলেই পিছিয়ে পড়ে সুইজারল্যান্ড। এর পরপরই ভেঙে যায় তার নাক। অবশ্য চোট নিয়েই পুরো ম্যাচটি খেলেছেন এই সুইস ডিফেন্ডার।
কোলনে বুধবার রাতে স্কটল্যান্ডের বিপক্ষে ১-১ গোলে ড্র করে সুইজারল্যান্ড। ম্যাচে দুটি গোলই হয় অপরপক্ষের ভুলের কারণে।
ম্যাচের ত্রয়োদশ মিনিটে সতীর্থের ব্যাকপাস পেয়ে জোরাল শট নেন স্কট ম্যাকটমিনে। বলটি সোজাসুজিই যাচ্ছিল গোলরক্ষক ইয়ান সমেরের দিকে। কিন্তু মাঝপথে পা বাড়িয়ে দেন শার, বল তার পায়ে লেগে দিক পাল্টে আশ্রয় নেয় জালে।
ছয় মিনিট পর স্কটল্যান্ডের অ্যান্থনি রল্সটনের সঙ্গে সংঘর্ষ হয় শারের। যে কারণে চিকিৎসকের সহায়তাও নিতে হয় দুইজনকে। ওই সময়ই নাকে চোট পান ৩২ বছর বয়সী শার। ওই চোট নিয়েই পুরো ৯০ মিনিট খেলেন তিনি।
ম্যাচ শেষে সুইস ব্রডকাস্টার ব্লু স্পোর্টকে শারই জানান নাক ভেঙে যাওয়ার কথা।
“আমার নাক ভেঙে গেছে। ধারণা অনুযায়ীই, ম্যাচে অনেক ট্যাকল ও বল দখলের লড়াই হয়। তারা আমাদের জন্য কাজটা খুব কঠিন করে তুলেছিল।”
গোল হজম করার পর সমতা টানতে খুব বেশি দেরি করেনি সুইজারল্যান্ড। নিজেদের সীমানায় বল দেওয়া নেওয়ার ফাঁকে লক্ষ্যহীন এক ব্যাকপাস দিয়ে বসেন রল্সটন। ডি-বক্সের মুখে বল পেয়ে বুলেট গতির শটে সমতা টানেন জেরদান শাচিরি। এরপর অনেক চেষ্টা করেও দুই দল পারেনি কোনো গোল করতে।
ক্যারিয়ারে অনেক চোট সহ্য করতে হয়েছে শারকে। ২০১৮ সালেও একবার ভেঙেছিল তার নাক। এরপর ২০১৯, ২০২২ ও ২০২৩ সালে কনকাশনে ভোগেন তিনি; যার মধ্যে দুইবার নিউক্যাসলের হয় খেলার সময়। শার বললেন, এমন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ উপভোগ করেন তিনি।
“(নাকের অবস্থা) আগামীকাল (বৃহস্পতিবার) আরও ভালোভাবে বুঝতে পারব। ম্যাচটা সবার জন্যই কঠিন ছিল। এমন ম্যাচে আমার আবেগ কিছুটা বেড়ে যায়। এটা তারই অংশ। এটাও মজার।”
এবারের ইউরোতে এই নিয়ে দুইজন খেলোয়াড়ের নাক ভাঙল। অস্ট্রিয়ার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে নাক ভেঙে যায় ফ্রান্সের তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপের। সামনের ম্যাচগুলোতে মাস্ক পরে নামবেন তিনি।
শারের চোট নিয়ে তাৎক্ষনিকভাবে কিছু জানায়নি সুইজারল্যান্ড। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে স্বাগতিক জার্মানির বিপক্ষে খেলবেন কিনা এই ডিফেন্ডার, সেটা এখনও নিশ্চিত নয়। আগামী রোববার ম্যাচটি মাঠে গড়াবে।
