২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাজিলের পেনাল্টি প্রাপ‍্য ছিল, ভুল স্বীকার করল কনমেবল

লাতিন আমেরিকার ফুটবল নিয়ন্তা সংস্থা স্বীকার করেছে, ভিনিসিউস জুনিয়রকে ফাউল করায় পেনাল্টি না দিয়ে ভুল করেছেন রেফারি ও ভিএআর।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2024, 10:49 AM

Updated : 10 Sep 2026, 12:10 PM

কোপা আমেরিকার চলতি আসরে রেফারির মান নিয়ে বারবারই প্রশ্ন উঠছে। ম‍্যাচ শেষে দলগুলো থেকে জানানো হচ্ছে ক্ষুব্ধ প্রতিক্রিয়া। এসবের মাঝে রেফারির একটি ভুল স্বীকার করে নিয়েছে কনমেবল। লাতিন আমেরিকার ফুটবল নিয়ন্তা সংস্থাটি বলেছে, ভিনিসিউস জুনিয়রকে ফাউল করায় পেনাল্টি না দিয়ে ভুল করেছেন রেফারি ও ভিএআর। 

‘ডি’ গ্রুপের শীর্ষস্থানের জন‍্য কলম্বিয়ার সঙ্গে লড়াই করছিল ব্রাজিল। প্রথম দুই ম‍্যাচে চার পয়েন্ট পাওয়ায় তাদের প্রয়োজন ছিল জয়। রাফিনিয়ার চমৎকার ফ্রি কিকে দ্বাদশ মিনিটে এগিয়েও গিয়েছিল দরিভাল জুনিয়রের দল।

প্রথমার্ধে অনায়াসেই দ্বিগুণ হতে পারত ব‍্যবধান। বল পায়ে দারুণ গতিতে ডি বক্সে ঢুকে পড়েছিলেন ভিনিসিউস। পেছন থেকে ছুটে গিয়ে মরিয়া স্লাইডে বল সরিয়ে নেওয়ার চেষ্টা করেন দানিয়েল মুনিয়োস। 

প্রথম দেখাতেই মনে হয়েছিল, বলে পা ছোঁয়াতে পারেননি কলম্বিয়ান ডিফেন্ডার। পরে রিপ্লেতে আরও নিশ্চিত হয় সেটি। কিন্তু ব্রাজিলের খেলোয়াড়দের জোরাল দাবির মুখেও পেনাল্টি দেননি ভেনেজুয়েলার রেফারি হেসুস ভালেনজুয়েলা। 

কয়েকবার পরীক্ষার পরও মুনিয়োস বল স্পর্শ করতে পেরেছিলেন ধরে নিয়ে রেফারির সিদ্ধান্তই বহাল রাখে আর্জেন্টিনার মাউরো ভিলিয়ানোর নেতৃত্বাধীন ভিএআর। 

তবে বুধবার এক ভিডিও বার্তায় মুনিয়োস বল স্পর্শ করতে পারেননি নিশ্চিত করে, ভুল স্বীকার করে নেয় কনমবেল।  

“বেপরোয়াভাবে ব্রাজিলিয়ান স্ট্রাইকারকে স্পর্শ করার আগে যে বলে ডিফেন্ডারের স্পর্শ ছিল না, সেটা চিহ্নিত করতে ব‍্যর্থ হয় ভিএআর। এতে ভিএআর ভুলবশত মাঠের রেফারির সিদ্ধান্ত বহাল রাখে।” 

এই ভুল সিদ্ধান্তের একটু পরেই জালের দেখা পান মুনিয়োস। ১-১ গোলে ড্র করে গ্রুপ রানার্সআপ হয় ব্রাজিল। এতে কোয়ার্টার-ফাইনালে তাদের খেলতে হবে দারুণ ছন্দে থাকা উরুগুয়ের বিপক্ষে। 

ম‍্যাচ শেষে পেনাল্টি না পাওয়া নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছিলেন ব্রাজিল কোচ দরিভাল। 

“সেই ঘটনার পর আমরা একটি গোল হজম করি। রেফারি ছিলেন নির্ণায়ক। যেটা অবশ‍্যই পেনাল্টি ছিল সেটা কেবল তিনি ও ভিএআরের রেফারিরা দেখেননি।”