‘প্রাপ্য প্রশংসা পান না কেইন’
ইংলিশ তারকা ফুটবলারকে প্রশংসায় ভাসিয়েছেন টটেনহ্যাম হটস্পারের ভারপ্রাপ্ত কোচ রায়ান ম্যাসন।
ইংল্যান্ড জাতীয় দল ও প্রিমিয়ার লিগের ক্লাব টটেনহ্যাম হটস্পারের সর্বোচ্চ গোলদাতা হ্যারি কেইন। ব্যক্তিগত অর্জন আছে বেশ কিন্তু কেবিনেটে নেই কোনো ট্রফি। তাই সেভাবে সময়ের সেরাদের আলোচনায় থাকেন না এই স্ট্রাইকার। টটেনহ্যামের ভারপ্রাপ্ত কোচ রায়ান ম্যাসন মনে করেন, অবসর নিলে হয়তো সবাই বুঝতে পারবেন কতটা ভালো ছিলেন কেইন।
গত সপ্তাতেও ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে লিগ ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দেন কেইন। প্রথমার্ধে ২-০ ব্যবধানে পিছিয়ে থাকার পর ২-২ গোলে ড্র করে মাঠ ছাড়ে টটেনহ্যাম। জালের দেখা না পেলেও বড় ভূমিকা রাখেন কেইন। তৈরি করেন অসংখ্যা সুযোগ। তার ক্রস থেকেই দ্বিতীয় গোলটি করেন সন হিউং-মিন।
ব্যক্তিগত পারফরম্যান্সে দ্যুতিময় হলেও ট্রফি কেবিনেটের আধার অন্তরায় হয়ে যায় তার মূল্যায়নে। সে কারণেই হয়তো পাদপ্রদীপের বাইরে থাকেন কেইন। ম্যাসন মনে করেন, আগামী এক দশক পর পেছন ফিরে লোকে ইংলিশ স্ট্রাইকারের প্রশংসা করবে।
“এটা সম্ভবত স্বাভাবিক, আমার মনে হয় আমরা সব গ্রেট প্লেয়ারদের নিয়েই এমনটা বলে থাকি। হয়তো ১০ বছরের মধ্যে আমরা পেছনে ফিরে তাকাব এবং বলব হ্যারি আসলেই দুর্দান্ত এক খেলোয়াড় ছিলেন। যখন তাকে ফুটবল খেলতে দেখে উপভোগ করছিলাম তখন আরও বেশি উদযাপন করা উচিত ছিল।”
“তিনি ফুটবলার হিসেবে কতটা ভালো তা এই দেশ সম্ভবত উপলব্ধি করে না। তিনি অবিশ্বাস্য এক ফুটবলার। এই জায়গায় আমি সবসময় বেশ ধারাবাহিক ছিলাম। আমি তার সঙ্গে খেলেছি, দেখেছি এবং জানি সে কেমন খেলোয়াড়।”
