১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

রদ্রির দাম কমাবে না ম্যানচেস্টার সিটি

উপযুক্ত মূল্য পেলেই কেবল বিশ্বকাপের সেরা ফুটবলারকে ছাড়তে রাজি হবে ইংলিশ ক্লাবটি, খবর ইএসপিএনের।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2026, 12:22 PM

Updated : 11 Sep 2026, 03:48 PM

রেয়াল মাদ্রিদের সম্ভাবনা ভেস্তে গেছে। বার্সেলোনার সম্ভাবনা জেগে উঠেছে। রদ্রিকে ঘিরে আপাতত চলছে এই তোলপাড়। তবে এসবের মধ্যেও সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটি ভেসে আসছে তার বর্তমান ক্লাব থেকে। ইএসপিএনের খবর, উপযুক্ত মূল্য না পেলে বিশ্বকাপজয়ী মিডফিল্ডারকে ছাড়বে না ম্যানচেস্টার সিটি।

সূত্রের বরাত দিয়ে ইএসপিএন জানিয়েছে, রদ্রির মূল্য ৭ কোটি ইউরোর (৬ কোটি পাউন্ড/৮ কোটি ১০ লাখ মার্কিন ডলার) বেশি বলে মনে করে ম্যানচেস্টার সিটি।

ব্রিটিশ সংবাদমাধ্যমগুলোর খবর, ৩০ বছর বয়সী মিডফিল্ডারের জন্য বার্সেলোনার সাড়ে চার কোটি ইউরোর প্রস্তাব ফিরিয়ে দিয়েছে সিটি। তবে দুই পক্ষের আলোচনা চলছে এখনও।

সূত্রের বরাত দিয়ে ইএসপিএন লিখেছে, রদ্রির স্পেনে যাওয়ার তাড়নার কথা সিটি জানে এবং তাকে যেতে দিতে আপত্তিও নেই ক্লাবটির। কারণ তারা অসন্তুষ্ট ফুটবলারকে দলে রাখতে চায় না। এছাড়াও তা সাম্প্রতিক চোটের নানা ঘটনা, বয়স এবং চুক্তির পরিস্থিতিও বিবেচনায় নিচ্ছে। কিন্তু তাই বলে নিজেদের নির্ধারিত মূল্যের কম কোনো চুক্তিতে তারা রাজি হবে না।

সিটির সঙ্গে রদ্রির চুক্তির বাকি আছে আর এক বছর। চলতি মৌসুম শেষে তার ফ্রি এজেন্ট হয়ে যাওয়ার সুযোগও আছে। সিটি হয়তো সেটাও চাইবে না। 

 সব মিলিয়ে আপাতত আরও বেশ কিছুদিন রদ্রিকে নিয়ে দলবদলের বাজার গরম থাকবে বলেই মনে হচ্ছে।