Published : 28 May 2026, 05:30 PM
সিদ্ধান্ত বদলেছে ডিআর কঙ্গো। ইবোলা প্রাদুর্ভাবে সতর্কতার জন্য দেওয়া যুক্তরাষ্ট্রের প্রটোকল মেনেই বিশ্বকাপে খেলবে দেশটি।
কঙ্গো থেকে কেউ যুক্তরাষ্ট্রে যেতে হলে তাকে ২১ দিন আইসোলেশনে থাকতে হবে। তবে এই শর্তের পরও একজন কর্মকর্তা গত শনিবার বলেছিলেন, পরিকল্পনা অনুযায়ীই প্রস্তুতি চালিয়ে যাবেন তারা।
আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত উত্তর আমেরিকার তিন দেশ যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় বসবে ফুটবল শ্রেষ্ঠত্বের লড়াই। ওই কর্মকর্তার কথায় এই টুর্নামেন্টে কঙ্গোর খেলা নিয়ে জাগে সংশয়।
ডিআর কঙ্গো এবং প্রতিবেশী উগান্ডায় শনাক্ত হওয়া ইবোলার ‘বুন্দিবুগিও’ ধরনটি ঘিরে আন্তর্জাতিক জনস্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তবে বৈশ্বিক মহামারী স্তরের জরুরি অবস্থা ঘোষণা করা হয়নি। সন্দেহভাজন রোগীর সংখ্যা এক হাজার ছাড়িয়েছে, এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ২৪৬ জনের।
ডিআর কঙ্গোর কর্তৃপক্ষ বলেছে, এই সপ্তাহে ফিফার সঙ্গে আলোচনা করেছে দেশটির ফুটবল ফেডারেশন। বিশ্বকাপ দলের সবাই যুক্তরাষ্ট্রের দেওয়া প্রটোকল পুরোপুরি মেনে চলবেন।
যুক্তরাষ্ট্রের বিধি নিষেধের জন্য টিকেট থাকলেও, যারা বিশ্বকাপে যেতে পারবেন না তাদের অর্থ ফেরত দেওয়া নিয়ে ফিফার সঙ্গে আলোচনা করছেন কঙ্গোর কর্মকর্তারা।
বিশ্বকাপে ‘কে’ গ্রুপে আছে ৫২ বছর পর বিশ্বকাপে ফেরা কঙ্গো। আগামী ১৭ জুন যুক্তরাষ্ট্রের হিউস্টনে পর্তুগালের মুখোমুখি হবে তারা। ২৩ জুন মেক্সিকোর গুয়াদালাহারায় কলম্বিয়ার বিপক্ষে খেলবে তারা। ২৭ জুন গ্রুপ পর্বের শেষ ম্যাচে যুক্তরাষ্ট্রের আটলান্টায় উজবেকিস্তানের মুখোমুখি হবে কঙ্গো।