১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

ড্রয়ে খুশি বাংলাদেশ কোচ, ভাবনায় এখন ফিরতি লেগ

মালদ্বীপের বিপক্ষে ফিরতি লেগে ঘরের মাঠে জিতে বিশ্বকাপ বাছাইয়ের পরের ধাপে উঠতে মরিয়া হাভিয়ের কাবরেরার দল।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2023, 09:17 PM

Updated : 12 Oct 2023, 09:17 PM

জাল যদিও অক্ষত রাখতে পারেননি মিতুল মার্মা, তবে লাল-সবুজের জার্সিতে অভিষেক ম্যাচে ভালো কিছু সেভ করেছেন এই তরুণ গোলরক্ষক। ‘অনাকাঙ্খিত কাণ্ডে’ নিষিদ্ধ নিয়মিত চার জনের অনুপস্থিতি ভোগালেও মালদ্বীপের মাঠে ড্র করেছে দল। সব মিলিয়ে প্রথম লেগের ফল নিয়ে তৃপ্ত না হলেও স্বস্তি অন্তত আছে বাংলাদেশের। কোচ হাভিয়ের কাবরেরাও তাই ফিরতি লেগ নিয়ে ভাবতে পারছেন কিছুটা নির্ভার হয়ে।

মালেতে বৃহস্পতিবার ২০২৬ বিশ্বকাপের এশিয়া অঞ্চলের বাছাইয়ের প্রিলিমিনারি রাউন্ডে প্রথম লেগে মালদ্বীপের বিপক্ষে ১-১ ড্র করে বাংলাদেশ। ৮৭তম মিনিটে নাজিম হাসানের গোলে পিছিয়ে পড়া দলের ত্রাতা সাদউদ্দিন। ৮৯তম মিনিটে বদলি নেমে যোগ করা সময়ে সমতাসূচক গোলটি করেন তিনি।

গত সাফ চ্যাম্পিয়নশিপে সেমি-ফাইনাল খেলার পথে গ্রুপ পর্বে মালদ্বীপের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। পিছিয়ে পড়ার ধাক্কা সামলে ৩-১ গোলে জিতেছিল দল। বেঙ্গালুরুর সুখস্মৃতি মালেতে পুনরাবৃত্তি করতে না পারলেও হার এড়ানোর আনন্দ ঝরল ফরোয়ার্ড রাকিব হোসেনের কণ্ঠে।

“ড্র করে খুবই ভালো লাগছে, কেননা, মালদ্বীপ নিজেদের মাঠে খুবই শক্তিশালী দল। যখনই আমরা এখানে আসি, ওরা ভালো আক্রমণভাগ নিয়ে আমাদের বিপক্ষে খেলে। আজও ওরা অনেক সুযোগ পেয়েছে, আমরাও পেয়েছি। ম্যাচটা আসলে ফিফটি-ফিফটি ছিল। দুই দলই ভালো খেলেছে। অন্ততপক্ষে আমরা শেষ সময়ে এক গোল শোধ দিতে পেরেছি। ড্র করতে পেরেছি বলেই ভালো লাগছে।”

বিমানবন্দরে মদ নিয়ে ধরা পড়ে অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ হওয়া আনিসুর রহমান জিকো, তপু বর্মন, শেখ মোরসালিন, রিমন হোসেন ও তৌহিদুল আলম সবুজকে এ ম্যাচে পাননি হাভিয়ের কাবরেরা। ম্যাচ শেষের প্রতিক্রিয়ায় তাদের অনুপস্থিতি নিয়ে কথা বললেন তিনি। প্রথমবারের মতো পোস্ট সামলানো মিতুলের প্রশংসায়ও পঞ্চমুখ হলেন এই স্প্যানিশ কোচ।

“কিছু খেলোয়াড়কে ছাড়াই আমরা এখানে এসেছিলাম এবং তিন জন নতুন খেলোয়াড়কে একাদশে রেখেছিলাম, যাদের মধ্যে গোলরক্ষক মিতুলও একজন। সে চমৎকার খেলেছে।”

আগামী ১৭ অক্টোবর নিজেদের মাঠে ফিরতি লেগ খেলতে নামবে বাংলাদেশ। দ্বিতীয় রাউন্ডে উঠতে জয় প্রয়োজন। কোচও জয় ভিন্ন কিছু ভাবছেন না।

“ফিরতি লেগে আমরা জয় ছাড়া কিছু ভাবছি না। আমরা যদি মালদ্বীপের সঙ্গে (আজ) হারতাম, দ্বিতীয় ম্যাচে আমাদের জিততেই হতো। ড্র করলেও জিততে হতো। এমনকি জয় পেলেও ঘরের মাঠে জয় ছাড়া কিছু চিন্তাও করতাম না।”