১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

আয়াক্স ছাড়তে মরিয়া ‘ইউনাইটেডের টার্গেট’ আন্তোনি

ব্রাজিলিয়ান এই উইঙ্গারের জন্য ম্যানচেস্টার ইউনাইটেডের ৯ কোটি ইউরোর প্রস্তাব আয়াক্স ফিরিয়ে দিয়েছে বলে খবর।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2022, 03:13 PM

Updated : 27 Aug 2022, 04:49 PM

আক্রমণভাগে নতুন শক্তি যোগ করতে ম্যানচেস্টার ইউনাইটেডের নজর অনেক দিন ধরেই আছে ব্রাজিলিয়ান উইঙ্গার আন্তোনির ওপর। গণমাধ্যমের খবর, ক্লাবটি বড় অঙ্কের প্রস্তাব দিলেও আয়াক্স তাকে ছাড়তে রাজি হয়নি। তবে এবার সবকিছু নতুন মোড় নিতে যাচ্ছে। আন্তোনি নিজেই জানিয়ে দিয়েছেন, নতুন চ্যালেঞ্জ নিতে দল ছাড়তে চান তিনি।

ইউনাইটেডের বর্তমান কোচ এরিক টেন হাগের কোচিংয়ে ডাচ ক্লাবটিতে খেলেছেন আন্তোনি। ব্রিটিশ গণমাধ্যমের খবর, ২২ বছর বয়সী দ্রুতগতির এই ফরোয়ার্ডকে পেতে ওল্ড ট্র্যাফোর্ডের ক্লাবটির ৯ কোটি ইউরোর প্রস্তাব ফিরিয়ে দিয়েছে আয়াক্স।

আয়াক্সে গত মৌসুমটা অসাধারণ কাটে আন্তোনির। সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৩ ম্যাচে ১২ গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করান ১০টি। দলের টানা তৃতীয় লিগ শিরোপা জয়ে রাখেন গুরুত্বপূর্ণ ভূমিকা। চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতেও উঠেছিল তারা।

২০২০ সালে আয়াক্সে যোগ দেওয়ার পর থেকে সেখানে আন্তোনি বেশ ভালোই আছেন। এই সময়ে জাতীয় দলেও অভিষেক হয়েছে তার। তবে এখন ক্যারিয়ারকে নতুন দিশা দেওয়ার প্রয়োজন দেখছেন গতিতে প্রতিপক্ষের রক্ষণকে ভেঙে দিতে সক্ষম এই তরুণ।

তাই ছাড়তে চান ক্লাব। দলবদলের বিষয়ে নির্ভরযোগ্য সূত্র বলে বিবেচিত ইতালিয়ান সাংবাদিক ফাব্রিসিও রোমানোকে শুক্রবার পরিষ্কারভাবে বলেছেনও বিষয়টি।

“এই বছরের শুরুতে আমার এজেন্ট আমস্টারডারমে এসেছিল আয়াক্সকে জানানোর জন্য যে আমি নতুন চ্যালেঞ্জ নিতে ক্লাব ছাড়তে চাই। কিছু আগ্রহী ক্লাব ও তাদের দারুণ প্রস্তাবের বিষয়েও জানানো হয়েছিল।”

“ক্লাব ও আমার মধ্যে কয়েক মাস ধরে কয়েক দফায় আলোচনা হয়েছে, তার মধ্যে আয়াক্সের পক্ষ থেকে চুক্তি নবায়নের প্রস্তাবও ছিল। তবে আমি পরিষ্কার করেছি যে আমি চলে যেতে চাই।”

আন্তোনি অবশ্য ‘ইউনাইটেডের প্রস্তাবের’ বিষয়ে সরাসরি কিছু বলেননি। তবে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়ার জন্য তিনি যে বর্তমান ক্লাবকে তাড়া দিচ্ছেন, সেটা স্পষ্ট করেই বলেছেন। এর কারণটাও তো পরিষ্কার। চলতি দলবদলের বাকি যে আর মাত্র কটা দিন, শেষ হবে আগামী বৃহস্পতিবার।

“আজ বোর্ডের সঙ্গে মিটিংয়ে আমি আমার দল ছাড়তে চাওয়ার কথা জানিয়ে দিয়েছি। আর এবার সঙ্গে বেশ ভালো একটা প্রস্তাবও আছে। অন্য সব প্রস্তাব আগেই এসেছে, কিন্তু আয়াক্স সবসময় সব ফিরিয়ে দিয়েছে আর এখন আমার শূন্যস্থান পূরণ করার মতো খেলোয়াড় আনার জন্য তাদের হাতে আছে কেবল পাঁচ দিন।”

যে ক্লাবে তার ক্যারিয়ার নতুন গতি পেয়েছে, তাদের দিকটাও ভাবছেন আন্তোনিও।

“আমি চাই না যে (আয়াক্স) আমাকে ফ্রি টান্সফারে ছেড়ে দিক। আমি তাদের বলছি ডাচ লিগের খেলোয়াড় হিসেবে সবচেয়ে বেশি দামে আমাকে বিক্রি করে দিতে।”

এবারের প্রিমিয়ার লিগে ইউনাইটেডের শুরুটা একেবারেই ভালো হয়নি। ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিওনের বিপক্ষে ২-১ গোলে হারের পর ব্রেন্টফোর্ডের বিপক্ষে ৪-০ গোলে বিধ্বস্ত হয় তারা। তবে ওই কোণঠাসা অবস্থা থেকে চমক দেখিয়ে তৃতীয় রাউন্ডে লিভারপুলকে ২-১ ব্যবধানে হারিয়ে দেয় টেন হাগের দল।

তিন ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে ১৪ নম্বরে আছে প্রতিযোগিতার সফলতম দলটি। শনিবার সাউথ্যাম্পটনের মাঠে খেলবে তারা।