দেম্বেলের আত্মোপলব্ধি
বার্সেলোনা ফরোয়ার্ড এখন বুঝতে পেরেছেন, সেরা হতে হলে কঠোর পরিশ্রমের বিকল্প নেই।
উসমান দেম্বেলের প্রতিভা নিয়ে সংশয় ছিল না কখনোই। তবে বার্সেলোনায় যোগ দেওয়ার পর একের পর এক চোটে মাঠের বাইরেই বেশি সময় কাটাতে হয় তাকে। সেই সময় তার শৃঙ্খলা নিয়েও প্রশ্ন উঠত মাঝেমধ্যে। দীর্ঘ পথ পাড়ি দিয়ে, সমস্যায় ঘেরা সেই সময় কাটিয়ে এখন যেন সবকিছু বুঝতে শিখেছেন ফরাসি এই ফরোয়ার্ড।
মূল দায়টা তাই নিজেরই দেখছেন দেম্বেলে। আত্মসমালোচনায় বললেন, কঠোর পরিশ্রমের গুরুত্ব আগে বুঝতে পারেননি তিনি।
২০১৭ সালে অনেক প্রত্যাশা নিয়ে বরুশিয়া ডর্টমুন্ড থেকে বার্সেলোনায় যোগ দেন দেম্বেলে। নতুন পথচলায় শুরু থেকেই বড় বাধা হয়ে আসে চোট। ফলে মাঝে মাঝে ঝলক দেখালেও তাকে নিয়ে হতাশা বাড়ছিল কাতালান ক্লাবটিতে।
সঙ্গে যুক্ত হয় মাঠের বাইরে তার কিছু বিতর্কিত কর্মকাণ্ড। অনুশীলনে সময়মতো না আসার কারণে গত মৌসুমে জরিমানাও গুনতে হয়েছিল তাকে।
চুক্তি নবায়ন নিয়েও জলঘোলা হয়। মাঝে তো সম্পর্ক একরকম ভেঙেই গিয়েছিল দুই পক্ষের। চুক্তি নবায়ন না করলে তাকে গত জানুয়ারিতে ক্লাব ছাড়তে বলেছিল কর্তৃপক্ষ। এই ইস্যুতে ক্লাবে এক পর্যায়ে ব্রাত্যও হয়ে পড়েন তিনি।
পরে অবশ্য কোচ শাভি এরনান্দেসের আস্থা অর্জন করতে পারেন দেম্বেলে। শুরুর একাদশেও হয়ে ওঠেন নিয়মিত। ২০২১-২২ মৌসুমে আগের চুক্তি শেষ হওয়ার পর নতুন করে চুক্তিবদ্ধ হন দুই বছরের জন্য।
গত মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩২ ম্যাচ খেলে দুটি গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে ১৩টি করান দেম্বেলে। গোল করা ও করানো ছাড়াও তার পারফরম্যান্সের উল্লেখযোগ্য দিক হলো, গতি দিয়ে প্রতিপক্ষের সীমানায় ভীতি ছড়াতে পারেন তিনি। যার সুফলও পায় দল। গত মৌসুমের শেষভাগে যা ছিল নিয়মিত দৃশ্য।
এই মৌসুমেও তিনি শুরুটা করেছেন দারুণ। লা লিগায় চার ম্যাচ খেলে ১টি গোলের পাশাপাশি তার নামের পাশে রয়েছে দুটি অ্যাসিস্ট।
গত সোমবার স্পোর্ত ও মুন্দো দেপোর্তিভোকে দেওয়া সাক্ষাৎকারে দেম্বেলে বলেন, আগে পরিশ্রমের প্রয়োজনীয়তা বুঝতে না পারার কারণেই মাঠে ও মাঠের বাইরে তাকে ভুগতে হয়েছিল।
“চোটগুলো পেয়েছিলাম, কারণ যখন আমার বয়স ২০ তখন আমি এখনকার মতো কঠোর পরিশ্রম করতাম না। কেউ যদি দুর্দান্ত খেলোয়াড় হতে চায়, তাহলে তাকে পরিশ্রম করতেই হবে। প্রতিভাই যথেষ্ট নয়।”
“আমি আগে এটা বুঝতাম না। এখন আমি জানি যে, মাঠে ও বাইরে পরিশ্রম করা অপরিহার্য। এটা পরিষ্কার যে, পরিশ্রম না করলে ফুটবল উপভোগ করা যায় না, খুব বেশি ম্যাচ খেলাও সম্ভব না এবং চোট আঘাত হানে। এখন আমি (আগের চেয়ে) আরও শক্তিশালী।”
ক্লাব ছাড়ার দ্বারপ্রান্তে চলে যাওয়ার পরও তার বার্সেলোনায় থেকে যাওয়ার সিদ্ধান্তের পেছনে শাভির ভূমিকা অনেক বেশি, বললেন দেম্বেলে।
“শাভির সঙ্গে আমার সম্পর্কটা স্পেশাল, আমি দীর্ঘ সময় তার ছায়ায় থাকতে চাই।”
“নিঃসন্দেহে আমার থেকে যাওয়ার পেছনে শাভি মূল ভূমিকা রেখেছিলেন, যেমন সভাপতিও৷ আমি তাদের দুজনের সঙ্গেই অনেক কথা বলি। আমি ভালো আছি। সবাই এখন খুশি।”
