পিএসজির এশিয়া সফরের দলে নেই এমবাপে
ফরাসি গণমাধ্যমের খবর, চলতি দলবদলে এই ফরোয়ার্ডকে ছেড়ে দিতে প্রস্তুত পিএসজি।
কিলিয়ান এমবাপের পিএসজি ছাড়ার গুঞ্জনে যোগ হল নতুন মাত্রা। প্যারিসের ক্লাবটির প্রাক-মৌসুম এশিয়ায় সফরে দলের বাইরে রাখা হয়েছে এই তারকা ফরোয়ার্ডকে।
ফরাসি গণমাধ্যমের খবর, এবারের দলবদলেই এমবাপেকে ছেড়ে দিতে প্রস্তুত পিএসজি।
পিএসজির বিশ্বাস, আগামী মৌসুমে তাদের সঙ্গে চুক্তির মেয়াদ শেষে রিয়াল মাদ্রিদে যোগ দিতে কথা দিয়ে ফেলেছেন এমবাপে। কিন্তু লিগ ওয়ান চ্যাম্পিয়নদের সভাপতি নাসের আল-খেলাইফি আগেই বলে দিয়েছেন, বিশ্বকাপজয়ী এই তারকাকে তারা বিনামূল্যে ছাড়বেন না কোনোভাবেই।
শুক্রবার এ ব্যাপারে যোগাযোগ করে তাৎক্ষণিকভাবে পিএসজির কাছ থেকে কোনো জবাব পায়নি বার্তা সংস্থা রয়টার্স।
অনেক নাটকীয়তার পর গত মৌসুমে পিএসজির সঙ্গে দুই বছরের জন্য চুক্তি করেন এমবাপে। তবে বছর না ঘুরতেই ক্রমশ জোরাল হচ্ছে তার ক্লাব ছাড়ার সম্ভাবনা। আগামী মৌসুমের পর চুক্তি নবায়ন না করার সিদ্ধান্ত পিএসজিকে গত মাসে চিঠি দিয়ে জানিয়ে দেন এই ফরাসি। সেই চিঠি কর্তৃপক্ষ দেখার আগেই ফাঁস হয়ে যায় গণমাধ্যমে।
বিভিন্ন সময়ে খবরে এসেছে যে, ২০২৪ সালে 'ফ্রি এজেন্ট' হিসেবে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পরিকল্পনা এমবাপের। রিয়াল অনেক দিন ধরেই চেষ্টা চালিয়ে যাচ্ছে তাকে দলে টানার। গত মৌসুমে প্রায় সফল হয়েই গিয়েছিল তারা, তবে শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদলে পিএসজিতেই থেকে যান এমবাপে।
এমবাপের ওই চিঠি ফাঁস হওয়ার পর বিষয়টি নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখায় পিএসজি। ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য তখন এমবাপেকে দুই সপ্তাহের সময় বেঁধে দিয়ে সভাপতি নাসের আল-খেলাইফি বলেন, ঠিকানা পরিবর্তন করতে চাইলে এই গ্রীষ্মেই চলে যেতে হবে ২৪ বছর বয়সী ফরোয়ার্ডকে।
এমবাপে না থাকলেও এশিয়া সফরের দলে আছেন দলবদলের গুঞ্জনে থাকা আরেক তারকা নেইমার। চোটের কারণে গত মৌসুমের দ্বিতীয় অংশে মাঠের বাইরে ছিলেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। এশিয়া সফরে নিজেদের প্রথম ম্যাচে আগামী মঙ্গলবার ক্রিস্তিয়ানো রোনালদোর দল আল নাস্রের বিপক্ষে খেলবে পিএসজি।
